ফেসবুককে বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক সদর দপ্তর পরিদর্শনে গেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
ফেসবুক সদর দপ্তর পরিদর্শনে গেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

ফেসবুককে বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের উদ্যোগ, বাংলা ভাষায় ফেসবুক, শিক্ষা সহায়ক টুলস তৈরির মতো ক্ষেত্রগুলোতে কাজ করতে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

১৭ মে সিলিকন ভ্যালিতে ফেসবুকের সদর দপ্তর পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে ফেসবুকের হেড অব পলিসি প্রোগাম লিসা ফস্টারকে এই আমন্ত্রণ জানান সংগঠন দুটির কর্মকর্তারা।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিসিএস ও বেসিসের কর্মকর্তারা সিলিকন ভ্যালি পরিদর্শনে রয়েছেন। বিসিএস সভাপতি এএইচ এম মাহফুজুল আরিফ ও বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস পরিচালক আলী আশফাক, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি মো: সবুর খান, বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ ফেসবুকের সদর দপ্তরে লিসা ফস্টারের সঙ্গে দেখা করেছেন।

ফেসবুকের অফিসের ভেতরের ছবি।
ফেসবুকের অফিসের ভেতরের ছবি।



বিসিএস সূত্রে জানা গেছে, ফেসবুক কর্মকর্তার সঙ্গে বৈঠকে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ, ফেসবুকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার মতো বিষয়গুলো তুলে ধরা হয়।

ফেসবুকের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলে বাংলাদেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করার কথা বলেন জুনাইদ আহমেদ। বৈঠকে ফেসবুক পরিচালকদের বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান জুনাইদ আহমেদ।

বাংলাদেশ সফর করার পাশপাশি বিসিএস ও বেসিস এর পক্ষ থেকে যৌথভাবে উপস্থাপিত প্রস্তাব পূরণে আশ্বাস দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।


প্রসঙ্গত, বেসিসের আয়োজনে ১৬ ও ১৭ মে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হয়েছে ইউএস বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিট। এই সামিটে মার্কিন বিনিয়োগকারীর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের জন্য আহ্বান করা হয়।