
গোয়েন্দা বাহিনী
গুলশানে হামলার পর আমরা এই সিদ্ধান্তে আসতেই পারি, বাংলাদেশি ফেসবুকারদের অনেকেই চাইলে বিখ্যাত সব গোয়েন্দা বাহিনীর সদস্য হতে পারে। অপরাধী ধরার ক্ষেত্রে তাদের দক্ষতা বিখ্যাত সব গোয়েন্দার চেয়ে ঢের বেশি। শার্লক হোমস কিংবা ফেলুদাও তাদের কাছে নস্যি! তাই কর্তৃপক্ষের উচিত, ফেসবুকে তাদের স্ট্যাটাসগুলো পড়ে নির্বাচিত কয়েকজনকে নিয়ে একটি চৌকস গোয়েন্দা বাহিনী প্রতিষ্ঠা করা। তাহলে বাংলাদেশের অদূর ভবিষ্যতে আর কোনো অপরাধ হবে না।
তদন্ত কমিটি
বাংলাদেশের কোনো অপরাধ সংঘটিত হবে আর তদন্ত কমিটি গঠিত হবে না, এটা তো অসম্ভব! অপরাধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয় ঠিকই; তবে সেই তদন্ত কমিটির রিপোর্টের টিকিটির খোঁজ পায় না কেউই। এদিক থেকে দেখা গেল, গুলশানে হামলার পর ফেসবুকে, বাসে, ট্রেনে, টঙের দোকানে চায়ের কাপ হাতে অনেকেই নিজ নিজ তদন্ত রিপোর্ট দিয়ে দিচ্ছে! তাই কর্তৃপক্ষের উচিত, দেরি না করে তাদের মাঝ থেকে বাছাই করে একটা তদন্ত কমিটি গঠন করা। তাহলেই হয়তো তদন্ত কমিটির কাছ থেকে সত্যিকারের রিপোর্ট পাওয়া যাবে।
অপরাধ বিশ্লেষক
টিভি চ্যানেলগুলোর টক শো মানেই পরিচিত কিছু মুখের সাজানো ঝগড়া-বিবাদ। সময় এসেছে নতুন অতিথি আমদানি করার। গত কয়েক দিন ফেসবুকে দেখা গেছে, গুলশানে হামলা নিয়ে অনেকেই পুলিশ, গোয়েন্দা এমনকি অপরাধীদের কর্মকাণ্ডেরও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করেছে। এ ক্ষেত্রে তাদের দক্ষতা অভূতপূর্ব! তাই টিভি চ্যানেলগুলোর উচিত, ফেসবুক থেকে এসব বিশ্লেষক ধরে এনে টক শোর সেটে বসিয়ে দেওয়া। তাহলেই দেখবেন, ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত সিরিয়ালগুলোর জনপ্রিয়তায় কেমন ধস নামে!
মানসিক রোগ বিশেষজ্ঞ
গুলশানে হামলার পর আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞেরও কমতি নেই! অপরাধীদের মানসিকতা বিশ্লেষণ থেকে শুরু করে পুলিশ, এমনকি জিম্মি হওয়া মানুষের মনমানসিকতা কেমন হতে পারে, সেটাও বিশ্লেষণ করে চমৎকার সব পর্যালোচনা লিখেছে অনেকে। তবে সেসব পর্যালোচনা দেখে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কাও করছে অনেকে। পাছে লোকে কত কিছুই তো বলে!