ফেসবুকে আসছে ‘অ্যাপ সেন্টার’
ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশন পাওয়ার একটি সুযোগ তৈরি করছে ফেসবুক। সম্প্রতি এ-সংক্রান্ত একটি অ্যাপ সেন্টারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের এই ‘অ্যাপ সেন্টার’ থেকে ফেসবুকে নিবন্ধনকারী যে কেউ মোবাইল ফোন ও কম্পিউটারের জন্য অ্যাপ্লিকেশনের বিভিন্ন তথ্য জেনে নিয়ে সংশ্লিষ্ট অ্যাপটির লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার বান্ধব করতে ৯ মে বুধবার অ্যাপ্লিকেশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।ফেসবুক ডেভেলপার ব্লগের এক পোস্টে জানানো হয়েছে, অ্যাপলের ‘অ্যাপ স্টোর’ বা গুগলের ‘গুগল প্লে’র চেয়ে ফেসবুকের অ্যাপ সেন্টার কিছুটা ভিন্ন হবে। এটা সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশনগুলোর ‘হাব’ হিসেবে কাজ করবে। ব্যবহারকারী অ্যাপ সেন্টারে গিয়ে সংশ্লিষ্ট অ্যাপটির লিংক থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অ্যাপ্লিকেশনটির রিভিউ, রেটিংসহ অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি এই অ্যাপ সেন্টারে থাকবে।ফেসবুকে অ্যাপ সেন্টারটি চালু হবে কয়েক সপ্তাহের মধ্যে। অ্যাপ সেন্টারের অ্যাপ্লিকেশনগুলো বিনা মূল্যে বা অর্থের বিনিময়ে দেখা যাবে তবে ফেসবুক থেকে ডাউনলোড করা যাবে না। ব্যবহারকারী কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাইলে তাঁকে ফেসবুকে দেয়া লিংকটিতে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট অ্যাপটির ডাউনলোড সেন্টার হিসেবে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীই এই অ্যাপ সেন্টারটি ব্যবহার করতে পারবেন।