ফেসবুকে ঈর্ষা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ফেসবুকের বন্ধুদের ঈর্ষা করবেন না। বরং সেখানে নতুন ও পুরোনো বন্ধুদের সঙ্গে বিভিন্ন ধরনের স্মৃতি ও তথ্য আদান-প্রদান করুন। কারও সঙ্গে নিজেকে তুলনা করতে গেলে আপনার মধ্যে হতাশা তৈরি হতে পারে। ফেসবুক ব্যবহারকারীদের ওপর পরিচালিত সাম্প্রতিক এক গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী এসব সুপারিশ করেছেন।
জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীরা মূলত নিজেদের সুসময়ের স্মৃতিগুলো প্রকাশ এবং অন্যদের সঙ্গে বিনিময় করেন। অথচ দুঃসময়ের স্মৃতিগুলো তাঁরা গোপন রাখেন। এ কারণে ফেসবুকে তাঁদের দেখে বাস্তবের চেয়ে বেশি সুখী মনে হতে পারে। তাঁদের কোনো বন্ধু সেটা দেখে ঈর্ষান্বিত হলে এবং নিজের অবস্থার সঙ্গে তুলনা করলে হতাশায় আক্রান্ত হতে পারেন। আইএএনএস।