ফেসবুকে এবার 'ডিজলাইক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে এবার আসছে ডিজলাইক বা অপছন্দের বোতাম। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেসবুকের প্রধান কার্যালয়ে প্রশ্নোত্তর পর্বের উত্তর দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ডিজলাইক বোতাম বিষয়ে মার্ক জানান, খুব শিগগিরই ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন চালু করা হবে। তাঁর মতে, এর মাধ্যমে কোনো বিষয়বস্তু সম্পর্কে মানুষ তাঁদের মতামত জানাতে পারবেন।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে লাইক নামের নতুন বাটন যোগ করার পর থেকেই ডিজলাইক বাটন চালু করার জোর দাবি ওঠে। জাকারবার্গ বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই মানুষ এ ব্যাপারে জানতে চেয়েছেন। আজ অন্তত বলতে পারছি যে আমরা এটি নিয়ে কাজ করছি।’ কিছুদিনের মধ্যেই যে ডিজলাইক বাটনের পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করা হবে তার ইঙ্গিত ছিল মার্কের কথায়। তবে ফেসবুকে কোনো পোস্ট ‘ডাউনভোট’ করার সুবিধা রাখার পক্ষপাতী নন মার্ক। আবার খারাপ সংবাদে লাইক দেওয়া কেমন বেমানান ঠেকে। অগত্যা এমন কিছু চালু করা হবে যা দিয়ে মানুষ তাঁদের এমন মতামত প্রকাশ করবে যা লাইক বোতাম দিয়ে করা সম্ভব না।
ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া ফোর্ট বলেন, ‘বন্ধুতালিকার কারও সন্তান, পোষা প্রাণী কিংবা রান্নার ছবিতে কেউ ডিজলাইক করবে বলে আমার মনে হয় না। তবে মতের পার্থক্য হলে কিংবা দুঃসংবাদে সহমত প্রকাশ করতে এটি ব্যবহার করা হতে পারে।’ বিবিসি অবলম্বনে