ফেসবুকে কে কার কান নিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের কোনো লেখা ধরে তর্কে নামা ঠিক নয়। মডেল: সজীব ও বাপ্পী, ছবি: অধুনা
ফেসবুকের কোনো লেখা ধরে তর্কে নামা ঠিক নয়। মডেল: সজীব ও বাপ্পী, ছবি: অধুনা

কবিতায় ‘চিলে কান নিয়ে গেছে...’ শুনলেই সবাই দৌড়ানো শুরু করে চিলের পেছনে। আসলেই কান চিল নিয়েছে কি না তা না জেনেই ছুট দেওয়া চিলের পেছনে। সেই চিল এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের দেয়ালে দেয়ালে উড়ে বেড়ায়। হুট করেই কোনো একটি হুজুগ ওঠে, আর হুজুগে সেই চিলের পেছনে সবার ছোটাছুটি!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত রায়হানও মাঝেমধ্যে এমন হুজুগের পেছনে ছোটেন। বললেন, ‘ফেসবুকে মাঝেমধ্যে কোনো একটা বিষয় নিয়ে সবাই কমেন্টস-পোস্ট-ছবি দিতে শুরু করে। তখন সেই বিষয়ে পক্ষে ও বিপক্ষে দাঁড়িয়ে যায় সবাই। যারা পক্ষে কথা বলেন, তাদের ভুল ভাঙাতে গেলে আমি বিপক্ষে চলে যাই। আবার বিপক্ষে যারা তাদের শোধরাতে গেলে আমি পক্ষের দলে চলে যাই। ফেসবুকে যেকোনো এক পক্ষে অবস্থান নিতে হবে।’

নিশাতের কথা ধরে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাহমিনা হকের সঙ্গে। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে হুজুগে অনেক বিষয় নিয়ে সবাই পক্ষে-বিপক্ষে চলে যান। মতামত দিতে থাকেন। মানুষের প্রবণতা থাকে আলোচিত কোনো বিষয়ে নিজের পক্ষ-বিপক্ষের অবস্থানের কথা সবাইকে জানানোর। সেই প্রবণতা থেকেই ফেসবুকে চিলের পেছনে ছোটে সবাই।’

২০১৬ সালের নভেম্বরে সায়েন্টিফিকান আমেরিকান সাময়িকীতে মনোবিজ্ঞানী স্কট হুইটেল লিখেছেন, ‘শৈশব থেকেই মানুষের মধ্যে হুজুগে মেতে ওঠার প্রবণতার বিকাশ ঘটতে দেখা যায়। ১৮ থেকে ৩০ বছর বয়সীদের ৮০ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে হুজুগে বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন। হ্যাশট্যাগ (#) দিয়ে বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান, নিজের মতামত তুলে ধরতে পছন্দ করেন।’ মনোবিজ্ঞানী স্কট কানাডা ও মালয়েশিয়ার ৪০০ জন তরুণ-তরুণীর ফেসবুক আচরণের ওপর গবেষণা করে এই মন্তব্য করেছেন।

ডিউক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স বিভাগের গবেষকেরা দেখেছেন উড়োসংবাদ, গসিপ, ভুয়া খবর কিংবা ভিত্তিহীন কথাবার্তা আর গল্প নিয়েই হুজুগে মেতে নিজের মতামত জানাতে পছন্দ করেন তরুণেরা। সত্য কোনো ঘটনা নিয়ে বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট গল্প আর সংবাদ নিয়ে ফেসবুকে মেতে ওঠা তাঁদের পছন্দ বলে মনে করেন মনোবিদেরা। যুক্তরাজ্যের ২০ থেকে ৪০ বছরের ১ হাজার ২০০ জনের ওপর করা গবেষণায় এই তথ্য পেয়েছেন মনোবিদেরা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের মনোবিজ্ঞানের অধ্যাপক অ্যাডাম গ্রান্ট তাঁর ব্লগে লিখেছেন, মানুষ সত্য ঘটনার চেয়ে সত্য ঘটনা নিয়ে গসিপ বেশি পছন্দ করে। আর তাই ফেসবুকে ২১ বছরের একজন তরুণ গড়ে সপ্তাহে ২০ ঘণ্টার বেশি সময় হুজুগ নিয়ে মাতামাতি করতে পছন্দ করেন।

সাইকোলজি টুডে জানাচ্ছে, শুধু ফেসবুকই নয়, মানুষ ই-মেইল-হোয়াটসঅ্যাপসহ মুঠোফোনের বার্তায় হুজুগে বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। ফেসবুকের দেয়ালে বানোয়াট গল্প নিয়ে মানুষের পোস্ট শেয়ার নিয়ে বেশ বিরক্ত পেশাজীবী খান শোয়েব আমান। তিনি জানান, ‘উদ্ভট সব বিষয় নিয়ে যেমন মানুষের পোস্ট ফেসবুকের যে ইতিবাচক ব্যবহারের দিক আছে তা নষ্ট করে দেয়।’ সাইকোলজি টুডের এক নিবন্ধে বলা হয়েছে, মানুষ সব সময়ই প্রচলিত গণমাধ্যমের সংবাদ কিংবা প্রতিবেদনে সন্তুষ্ট থাকে না, যখনই মানুষের মনে দ্বিধার জন্ম নেয় সেখানেই মানুষ হুজুগে তৈরি হওয়া গল্প আর প্রতিবেদন পড়ার প্রতি আগ্রহী হয়ে পড়েন। এই সুযোগেই গুটি কয়েক মানুষ উদ্ভট আর বানোয়াট সংবাদ, ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। সেই বিভ্রান্তির ছবি আর মতামতে বিভক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা।

একটি আন্তর্জাতিক সংস্থার আর্থসামাজিক গবেষক ও মনোবিশ্লেষক শেগুফতা শারমিন জানান, ‘ফেসবুকে যেকোনো বিষয়েই নিজের মতামত জানানোর দিকেই সবার গুরুত্ব বেশি থাকে। নিজের কথা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই যেকোনো বিষয়েই পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে যাচ্ছেন সবাই।’

যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের মডেলিং অব বায়োলজি ল্যাবরেটরির গবেষকেরা ২০ লাখ ফেসবুক ব্যবহারকারীর পোস্ট পরীক্ষা করে ‘কালেকটিভ অ্যাটেনশন ইন দ্য এজ অব মিসইনফরমেশন’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন। নিবন্ধে তাঁরা জানাচ্ছেন, ‘ফেসবুক ব্যবহারকারীরা সব সময়ই নিজে যা জানেন সেটাকেই অন্যের ওপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতার মধ্যে থাকেন। সেই প্রবণতার কারণেই বানোয়াট খবরের প্রতি আকৃষ্ট হন সবাই। যাঁরা হুজুগে ছোটেন তাঁদের যাঁরা আটকাতে যান, তাঁদের বিরোধী পক্ষ ভেবে নেন অন্যরা। আর এতেই পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে যান ফেসবুক ব্যবহারকারীরা।’

ফেসবুকে হুজুগে মেতে ওঠার আগে—

* যেকোনো ঘটনায় ফেসবুকেই যে সব কথা লিখে নিজের অবস্থান তুলে ধরতে হবে, এমন কোনো বেদবাক্য নেই।

* কোনো বিষয় নিয়ে কিছু লেখার আগে ঘটনার সত্যতা, কারণ আর পরিপ্রেক্ষিত-অবস্থান বুঝে নিন।

* বিশ্বস্ত সংবাদমাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে ছবি, সংবাদ বা ভিডিও শেয়ার করবেন না।