ফেসবুকে চাকরিজীবীদের ওপর নজরদারি বাড়ছে
চাকরিপ্রার্থীদের সম্পর্কে তথ্য পেতে চাকরিদাতারা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারে ঢুঁ মারেন—এ কথা পুরোনো। কিন্তু এ ক্ষেত্রে নজরদারির পরিমাণ বাড়ছে আশঙ্কাজনকভাবে। সম্প্রতি তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ।যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান গার্টনারের নতুন প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে যে ২০১৫ সাল নাগাদ ৬০ শতাংশ চাকরিদাতা প্রতিষ্ঠান সামাজিক ওয়েবসাইটে যোগাযোগের মাধ্যম—যেমন ফেসবুক বা টুইটারের পাতায় তাঁদের কর্মকর্তা-কর্মচারীদের বিচরণের ওপর নজর রাখবে। কর্মীরা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর কোনো তথ্য ফাঁস কিংবা কর্মক্ষেত্র নিয়ে নেতিবাচক কিছু বলে কি না, তার নজরদারিতেই মূলত প্রতিষ্ঠানগুলো এমন ‘বড় ভাই’সুলভ আচরণ করে।গার্টনারের গবেষণা-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ওয়ালস জানিয়েছেন, নতুন প্রযুক্তি ও সেবার সুবিধার্থে ডিজিটাল পরিবেশে কর্মীদের আচরণ নজরদারির পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে।ওয়ালস বলেন, কর্মীদের ওপর এভাবে কড়া নজর রাখার বিষয়টি নৈতিকতা ও বৈধতার সঙ্গে কতটুকু যায়, তা অবশ্যই খেয়াল রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে নজরদারির বিষয়টি একই সঙ্গে ঝুঁকিও ডেকে আনতে পারে। কারণ এতে প্রতিষ্ঠানের অতি উত্সাহী কর্তাদের মধ্যে কর্মীদের সম্পর্কে প্রয়োজনের অতিরিক্ত তথ্য জানার ঝোঁক সৃষ্টি হতে পারে।প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে কর্মীরা প্রতিষ্ঠান নিয়ে কী ভাবে, বা কী বলে, সেটা জানা কার্যকর নিরাপত্তার অন্যতম শর্ত। যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউয়ে গেলে চাকরিপ্রার্থীর কাছে তাঁর ফেসবুক পাসওয়ার্ড জানতে চাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে ওয়ালস মনে করেন, এটা একসময় কমে যাবে।চলতি বছরের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা দেখেছে, চাকরিদাতা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষও অন্যদের ফেসবুক প্রোফাইল বা ব্যক্তিগত তথ্যে অনধিকার প্রবেশের জন্য জন্য হুমড়ি খেয়ে পড়েছে, যা আশঙ্কাজনক। সামাজিক যোগাযোগের সাইটগুলোর বিকাশের সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড জানানোর জন্য চাকরিপ্রার্থীদের ওপর চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর জোরাজুরিও বেড়েছে। আর এর আইনগত ভিত্তি নিয়ে বিতর্কও চলছে।কিন্তু বহু ফেসবুক ব্যবহারকারী আছেন, যাঁরা তাঁদের প্রোফাইলকে নিজের মতো করেই রাখেন অথবা তাতে শুধু বাছাই করা কয়েকজন মানুষের প্রবেশাধিকার রাখেন।এদিকে কিছু প্রতিষ্ঠান আছে, যারা চাকরিপ্রার্থীদের ফেসবুকের পাসওয়ার্ড না চাইলেও প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপককে ফেসবুক বন্ধু করার প্রস্তাব দেয়। নয়তো, ইন্টারভিউ চলার সময়ে প্রতিষ্ঠানের কোনো একটি কম্পিউটারে ওই প্রার্থীকে ফেসবুকে লগইন করতে বলা হয়। আর একবার নিয়োগ হয়ে গেলে তো কথাই নেই, প্রার্থীকে তখন রীতিমতো চুক্তিতেই সই করতে হয়। যার মাধ্যমে প্রতিষ্ঠান বা চাকরিদাতা সম্পর্কে নেতিবাচক কিছু বলার ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে কর্মীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।