ফেসবুকে ছবি নয় চলছে ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে ভিডিও বেশি মানুষকে আকর্ষণ করছে
ফেসবুকে ভিডিও বেশি মানুষকে আকর্ষণ করছে

ফেসবুকে ছবি পোস্ট করে ভাবছেন তা বেশি মানুষের নজরে আসবে? বছর খানেক আগেও ফেসবুকে ছবি পোস্ট করে আশানুরূপ সাড়া পাওয়া যেত কিন্তু এখন ফেসবুক তাদের অ্যালগরিদম পরিবর্তন করে ফেলায় ছবি পোস্ট করে আর বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে না। এখন কেবল ভিডিও পোস্টের মাধ্যমেই বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। ফেসবুক এখন বেশি গুরুত্ব দিচ্ছে ভিডিওকেই। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।
সোশ্যাল মিডিয়া বিশ্লেষক প্রতিষ্ঠান সোশ্যালবেকার্স সম্প্রতি তথ্য বিশ্লেষণ করে দেখিয়েছে যে, ভিডিও বা সাধারণ টেক্সটের তুলনায় এখন শুধু ছবি কম মানুষের দৃষ্টিগোচর হচ্ছে। এ বিষয়টি ফেসবুক পেজ যাঁরা চালান তাঁদের কাজে লাগবে।
২০১৪ সালের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চার হাজার ৪৪৫টি ব্র্যান্ড পেজ ও ছয় লাখ ৭০ হাজারের বেশি পোস্ট বিশ্লেষণ করে সোশ্যালবেকার্স জানিয়েছে, ফেসবুকে এখন সবচেয়ে কার্যকর পোস্ট হচ্ছে ভিডিও, যা নিউজভিড আকারে ছবির তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছায়। ১০০ জনের মধ্যে মাত্র তিনজন ছবি পোস্টের বিষয়টি খেয়াল করে। এ ক্ষেত্রে ভিডিওর ‘অর্গানিক রিচ’ হচ্ছে ৮ দশমিক ৭ শতাংশ। লিংক ও টেক্সের ক্ষেত্রে এই হার ৫ দশমিক ৩ শতাংশ।
সোশ্যালবেকার্সের প্রধান নির্বাহী জান রেজাব বিজনেস ইনসাইডারকে জানিয়েছেন, ভিডিও এখন ফেসবুকে মানুষকে আকর্ষণ করার গুরুত্বপূর্ণ ফরম্যাট হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন ফেসবুকে ভিডিও দেখছেন বেশি। যাঁরা ব্র্যান্ডের প্রচার করতে চান, তাঁরা ফেসবুকে ভিডিওর মাধ্যমে প্রচারণা চালানোর পরিকল্পনা করতে পারেন।