ফেসবুকে জনপ্রিয় 'ক্রিমিনাল কেস'

ফেসবুকের জনপ্রিয় একটি গেম ক্রিমিনাল কেস। গোয়েন্দা-থিমের ওপর তৈরি এ গেমটিতে লুকানো বস্তু খুঁজে বের করতে হয় খেলোয়াড়কে।
২০১২ সালের ১৫ নভেম্বর এ গেমটি উন্মুক্ত করা হয়েছে। গেমটির নির্মাতা ও প্রকাশক ইউরোপের সামাজিক যোগাযোগভিত্তিক গেম নির্মাতাপ্রতিষ্ঠান প্রিটি সিম্পল। প্রতি মাসে গেমটির সক্রিয় খেলোয়াড় এক কোটিরও বেশি। ২০১৩ সালের ৯ ডিসেম্বর ফেসবুকের বর্ষসেরা গেম নির্বাচিত হয়েছিল ক্রিমিনাল কেস।
খেলোয়াড়কে গ্রিমসবোরা পুলিশ বিভাগের ইন্সপেক্টর ডেভিড জোনসের নবিশ হিসেবে খেলা শুরু করতে হয়। দুজনকে গ্রিমসবোরা শহরের খুনের রহস্য উন্মোচনে কাজে নেমে পড়তে হয়। গ্রিমসবোরা শহরের মোট ছয়টি অঞ্চলে ৫৬টি কেস সমাধান করতে হয় খেলোয়াড়কে। প্রথম ৫৬টি কেস সমাধান করার পর খেলোয়াড় পদোন্নতি পেয়ে প্যাসিফিক বে এলাকার পুলিশ বিভাগে যুক্ত হন। সেখানে ফ্রাঙ্ক নাইট ও অ্যামি ইয়াংয়ের সঙ্গে মিলে কেস তদন্ত করতে হয়। এই এলাকায়ও ১০টি অঞ্চল রয়েছে। এখানে কেস সংখ্যা ৫০টি।
খেলার নিয়ম
ক্রিমিনাল কেসে খেলোয়াড়কে খুনের রহস্য উন্মোচনে ক্লু বা সূত্র খুঁজে বের করতে হয় এবং খুনিকে তথ্য-প্রমাণ জোগাড় করে গ্রেপ্তার করতে হয়। এ খেলায় স্তর পার হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড় নিজের অ্যাভাটারেরও পরিবর্তন করে নিতে পারেন। নিজের জন্য একটি কুকুরও সঙ্গে রাখতে পারেন।
খেলায় বিভিন্ন ক্রিমিনাল সিনে ক্লিক করে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন বস্তু দ্রুত খুঁজে বের করতে হয়। যত দ্রুত খুঁজে বের করা যাবে স্কোর ততই বেশি হবে। ক্রাইম সিনের তদন্ত করে খেলোয়াড় একটি করে স্টার পাবেন। এই স্টারগুলো পরবর্তী সময়ে মৃতদেহ পরীক্ষা, প্রমাণ পরীক্ষা বা সাক্ষীকে জেরা করতে কাজে লাগবে। গেমের মধ্যে খেলোয়াড়কে বস্তু খুঁজে ফেরার পাশাপাশি একটি বা দুটি ক্রাইম সিনে নতুন কাজ করতে হয়। একটিতে রয়েছে পাজল আর আরেকটিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বস্তু খুঁজে বের করার সুযোগ। গেমটিতে গ্রাফিকসের সাহায্যে ক্রাইম দৃশ্যগুলো তুলে ধরা হয় এবং গ্রাফিকসের নিচের অংশে কোন বিষয়গুলো খুঁজতে হবে তার তালিকা ওঠে। গেম সামনে এগিয়ে নিতে বিভিন্ন বর্ণনার সাহায্য নেওয়া হয়।
গেম খেলার জন্য গেমার খুব অল্প এনার্জি পান। প্রতি লেভেল শেষ হলে এনার্জি পূর্ণ হয়। এ ছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় জন্য সময় লাগে বেশি। প্রতিবার লুকানো বস্তু খুঁজতে ২০ এনার্জির প্রয়োজন পড়ে। আর এই এনার্জি পূর্ণ হয় খুব ধীরে ধীরে। অবশ্য গেমে বেশি এনার্জি পেতে অনেক গেমারের সঙ্গে টিম গঠন করা যেতে পারে। গেম খেলার সময় অন্য খেলোয়াড়কে এনার্জি পাঠানো যায়।
ক্রিমিনাল কেস গেমটি মোবাইলেও খেলা যায়। ডেস্কটপ থেকে এ গেমটি খেলতে ফেসবুকের ক্রিমিনাল কেস অ্যাপ্লিকেশনটিতে যেতে হবে এবং অ্যাপ্লিকেশনে ফেসবুক তথ্য দিতে হবে।