ফেসবুকে জিরাফ ধাঁধার দৌরাত্ম্য

ফেসবুকে সম্প্রতি স্ক্যাম আকারে একটি ধাঁধা ছড়িয়ে পড়েছে। এ ধাঁধার উত্তর দিতে যাঁরা ব্যর্থ হচ্ছেন, তাঁদের প্রোফাইলের ছবি পরিবর্তন হয়ে জিরাফের ছবি হয়ে যাচ্ছে। ফেসবুকে সম্প্রতি এই বিষয়টি মারাত্মক আকার নিয়েছে বলে ‘হাফিংটন পোস্ট’-এর এক খবরে জানানো হয়েছে।
অনলাইন নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে একটি ধাঁধা গেম ছড়িয়েছে। এ ধাঁধা গেমটি যাঁরা খেলেছেন তাঁদের কাছে শর্ত দেওয়া হয়, ধাঁধার সঠিক উত্তর দিতে না পারলে তাঁদের প্রোফাইলের ছবিটি জিরাফের ছবিতে পরিণত হবে এবং এ ধাঁধাটি অন্য বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর যাঁরা ধাঁধার সঠিক উত্তর দিতে পারবেন তাঁদের কোনো ক্ষতি হবে না।
এ গেমটিতে যে ধাঁধাটি দেওয়া হয় সেটি এ রকম, ‘ভোর তিনটা। এখন বাড়ির ডোরবেল বাজছে এবং আপনি জেগে উঠেছেন। অনাকাঙ্ক্ষিত মেহমান! আপনার মা-বাবা এসেছেন এবং তাঁরা সকালের নাশতা করতে চান। আপনার বাড়িতে জ্যাম, মধু, মদ, রুটি ও ঘি রয়েছে। আপনি প্রথমে কোনটি খুলবেন?’
এ ধাঁধাটির উত্তর মন্তব্যের পরিবর্তে ফেসবুকে বার্তা পাঠানোর মাধ্যমে দিতে হয় ব্যবহারকারীকে। যদি উত্তর ভুল হয় তবে প্রোফাইলের ছবিটি জিরাফে পরিণত হয়ে যাবে।
এ ধাঁধাটির জন্য উত্তর হিসেবে ‘দরজা খোলা’ বা ‘চোখ খোলা’র বিষয়টিকে সঠিক হিসেবে গৃহীত হচ্ছে।
এ ধাঁধাটি কে বা কারা ফেসবুকে ছেড়েছে, সে উত্স এখনো চিহ্নিত হয়নি। এ ধরনের ধাঁধা গেম খেলা থেকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।