ফেসবুকে ডিজলাইক

ফেসবুকে কোনো কিছু অপছন্দের হলে তা জানাতে ‘ডিজলাইক’ বাটন দাবি করেন অনেকেই। ফেসবুক ব্যবহারকারীদের এই চাওয়া আংশিক পূরণ করছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে ‘ডিজলাইক’ চালুর কথা জানিয়েছে ফেসবুক।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই মেসেঞ্জারে ডিজলাইক স্টিকার ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা অর্থাত্ চ্যাটে ডিজলাইক দেওয়ার সুযোগ পেলেও এখনই ফেসবুকের নিউজফিডে ডিজলাইক দেওয়ার সুযোগ রাখছে না ফেসবুক। ওয়েব ও মোবাইল মেসেঞ্জার সংস্করণে স্মাইলি ফেসের মাধ্যমে স্টিকার স্টোরে গিয়ে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন ডিজলাইকসহ বেশ কয়েকটি নতুন স্টিকার।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেসবুকে ডিজলাইক বাটন আনার আগে এই বাটনটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখতে চাইছে ফেসবুক। এরপর কোনো একসময় ডিজলাইক বাটনটি নিউজ ফিডে চালু করতে পারে। ডিজলাইকের পাশাপাশি সহমর্মিতা প্রকাশের জন্য ‘সিমপ্যাথি’ বাটন নিয়েও পরীক্ষা করছে ফেসবুক।