ফেসবুকে দেওয়া ভিডিওতে নিজের নিয়ন্ত্রণ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে ব্যবহারকারীরা পাবেন ভিডিও নিয়ন্ত্রণ করার সুবিধা
ফেসবুকে ব্যবহারকারীরা পাবেন ভিডিও নিয়ন্ত্রণ করার সুবিধা

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার ভিডিও নিয়ন্ত্রণ-সুবিধা চালু করতে যাচ্ছে। মেধাস্বত্ব রক্ষার ক্ষেত্রে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ কার্যক্রমের ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের এমন উদ্যোগ বলে জানা গেছে। জনপ্রিয় ভিডিও ব্লগার হ্যাংক গ্রিন সম্প্রতি ফেসবুকে ভিডিও ব্যবহারের ক্ষেত্রে মেধাস্বত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ফেসবুক জানায়, যেকোনো ধরনের মেধাস্বত্ব রক্ষার ক্ষেত্রে ফেসবুক কঠোর অবস্থানে আছে এবং থাকবে।
হ্যাংক গ্রিন অভিযোগ করেন, ফেসবুকে ভিডিও কতবার দেখা হলো, সেটি উল্লেখ করে আরেক ধরনের প্রতারণাও করা হচ্ছে। ভিডিও দেখার এ সংখ্যা আসলে কীভাবে বের করা হয়, সেটি সবার কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে ২৬ লাখের বেশি অনুসারী আছে গ্রিনের।
তবে শুধু অভিযোগই নয়, ফেসবুকের ভিডিও ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শও দিয়েছেন হ্যাংক গ্রিন। তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগের সাইট হলেও দারুণ ভিডিওর জন্য ফেসবুক বেশ জনপ্রিয় প্ল্যাটফর্ম। এটি আরও জনপ্রিয়তা পেতে পারে যদি ফেসবুক ব্যবহারকারীদের সরাসরি ভিডিও নিয়ন্ত্রণের পূর্ণাঙ্গ সুবিধা দিয়ে দেয়।
চলতি বছরের এপ্রিলে ফেসবুক জানায়, ফেসবুকে দেওয়া ভিডিও প্রতিদিন ৪০০ কোটিবার দেখা হয়! তবে এ সংখ্যা সঠিক নয় বলে অভিযোগ হ্যাংক গ্রিনের। সবচেয়ে বড় অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে এবং সেটি হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে ভিডিও চুরি করে প্রকাশ করা। গত জুনে গবেষণা প্রতিষ্ঠান ওজিলভি প্রকাশিত এক তথ্যে জানানো হয়, ফেসবুকের জনপ্রিয় ভিডিওর মধ্যে প্রায় ৭৩ শতাংশই বিভিন্ন ওয়েবসাইট থেকে চুরি করা যায় প্রায় ১ হাজার ৭০০ কোটিবার দেখা হয়েছে।
এমন সব অভিযোগের বিষয়ে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক ম্যাট প্যাকস বলেন, ‘পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করছি এমন একটা পদ্ধতি আমরা চালু করতে পারব, যেখানে ব্যবহারকারী আরও সহজে নিজের ভিডিও নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ছাড়া মেধাস্বত্ব ভঙ্গ করে—এমন কোনো কনটেন্ট কিংবা ভিডিও যাতে ফেসবুকে না চলতে পারে, সে বিষয়েও বিশেষ কার্যক্রম শুরু করা হবে।’
বিবিসি