ফেসবুকে ফিফার ভিডিও গেমস
ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ফিফা ফুটবল সিরিজের নতুন ভিডিও গেমস পাওয়া যাবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে। সাম্প্রতিক সময়ে ফিফা ফুটবল গেমে নিবন্ধিত হয়ে প্রতি মাসে বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষ খেলে থাকে। ফেসবুকে যুক্ত হওয়া এ গেমে নিজের ফেসবুক বন্ধুদের সঙ্গে খেলা যাবে। খেলার নিয়ম অনুযায়ী প্রতি খেলোয়াড় পয়েন্ট অর্জন করবেন এবং কিনতে পারবেন দলের ভালো খেলোয়াড়দের। ফিফার সাধারণ গেমগুলোতে যিনি খেলেন তিনি দলের ব্যবস্থাপক, খেলোয়াড় কিংবা দুটো দিক নিয়ে খেলতে পারেন। তবে ফেসবুকে ভার্চুয়াল দলের ব্যবস্থাপক হয়ে প্রকৃত দলের খেলোয়াড়দের পক্ষে খেলা যাবে। গেমস তৈরির প্রতিষ্ঠান প্লেফিস ফিফা গেমটি ইলেকট্রনিকস আর্টস (ইএ) থেকে গত বছর ৩০ কোটি টাকায় কিনে নেয়। এ গেমস দিয়ে শুধু ফেসবুকের বন্ধুদের সঙ্গেই নয়, বন্ধুদের নেটওয়ার্কের বাইরেও লিগ খেলায় অংশ নেওয়া যাবে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী