ফেসবুকের ছোটখাটো অন্য আরও অনেক নিয়মের মধ্যে একটি হলো কেউ তাঁর বন্ধু তালিকা থেকে আপনাকে বাদ দিলে, অর্থাৎ আনফ্রেন্ড করলেও ফেসবুক আপনাকে সেটা জানাবে না। সম্ভবত পারস্পরিক সম্পর্কের মধ্যে অযথা তিক্ততা যাতে না বাড়ে, সে জন্য এ ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু কে কাকে তাঁর বন্ধু তালিকা থেকে ছাঁটাই করেছেন, এমনটা যদি সঙ্গে সঙ্গেই জানা যেত, তাহলে কোনো কারণে কেউ ভুল বুঝে কাজটি করে থাকলে প্রথম দফায়ই তা ভাঙানোর একটা সুযোগ অন্তত পাওয়া যেত। এ বিষয়ের সবচেয়ে ভালো একটা সমাধান হলো এফবি পিউরিটি নামের একটি ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করা।
www.fbpurity.com ঠিকানায় গিয়ে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্স, ক্রোম, সাফারি, অপেরা ও ম্যাক্সথন ব্রাউজারের জন্য এক্সটেনশন বা অ্যাড-অনসটি ইনস্টল করা যাবে। কেউ আপনাকে তাঁর বন্ধু তালিকা থেকে বাদ দিলে বা আনফ্রেন্ড করলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবে ছোট এ প্রোগ্রাম। নিজের মতো করে সাজানো যাবে এর সেটিংগুলো। শুধু আনফ্রেন্ড সংকেত পেতে Deleted friend aler অপশনটি টিক দিয়ে নিশ্চিত করতে হবে। টুলটিতে প্রচুর অপশন আছে। অন্য অপশনগুলো অপ্রয়োজনীয় মনে করলে সেগুলো থেকে টিক উঠিয়ে দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ বোতামে ক্লিক করুন।
এ ছাড়া শুধু আনফ্রেন্ডের তালিকা পেতে চাইলে গুগল ক্রোম ব্রাউজারের জন্য আনফ্রেন্ড নোটিফাই নামের নতুন একটি ক্রোম এক্সটেনশন ব্যবহার করা যাবে। এটি পাওয়া যাবে goo.gl/OeEfFE ওয়েব ঠিকানায়। এর ফলে নিজের ফ্রেন্ডস পেজে লস্ট ফ্রেন্ডস নামে আরেকটি অংশ যুক্ত হবে। কারা আপনাকে আনফ্রেন্ড করলেন, তার তালিকা থাকবে এই অংশে।
—মঈন চৌধুরী