ফেসবুকে বার্তা দিয়ে উদ্ধার হলেন মা ও ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে সাহায্য চেয়ে আটকাবস্থা থেকে উদ্ধার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একজন নারী ও তাঁর ১৭ মাস বয়সী ছেলে। গত শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রয় রিড ক্রিচফিল্ড নামের এক ব্যক্তি ওই নারী ও তাঁর শিশুকে একটি বাড়ির ভেতরে প্রায় পাঁচ দিন আটকে রাখেন। ওই নারীর কাছে একটি ল্যাপটপ কম্পিউটার ছিল। তিনি গোপনে একটি ক্লজেটের ভেতরে ঢুকে ল্যাপটপ থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে তাঁকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে একটি বার্তা প্রকাশ করেন। তিনি লিখেছিলেন: সকালের মধ্যে যদি তাঁদের উদ্ধার করা না হয়, তাহলে তাঁরা মারা যাবেন। তাঁর এই বার্তা অনেকের চোখে পড়ে। তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই নারী ও শিশুকে উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় ট্রয় রিড ক্রিচফিল্ডকে (৩৩) গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অপহরণ, পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ওই নারী জানান, মাত্র কয়েক দিন আগে ক্রিচফিল্ডের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। ক্রিচফিল্ডের আমন্ত্রণে তিনি তাঁর বাড়িতে গেলে তাঁকে আটকে রাখেন। এই পাঁচ দিনে তাঁকে কখনো বাড়ির বাইরে যেতে দেননি ক্রিচফিল্ড। শুধু তা-ই নয়, তাঁকে মারধরও করা হয়েছে।—এপি অবলম্বনে রোকেয়া রহমান