ফেসবুকে বিকৃত বিপজ্জনক ভিডিও নিষিদ্ধ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবার বীভৎস ও বিপজ্জনক ভিডিও ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। সাম্প্রতিক সময়ে নানা রকম বিপজ্জনক ভিডিও ফেসবুকে রাখা ও ছড়িয়ে দেওয়ার (শেয়ার) হার বেড়ে যাওয়ায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে সাবধানতা হিসেবে এ ধরনের ভিডিও পোস্টে এসব দেখা থেকে বিরত থাকতে বিশেষ বার্তা দেখানো হচ্ছে। ভিডিও-সংক্রান্ত কোনো বার্তা নিজের দেয়ালে আসার পর সেটি বিপজ্জনক কিংবা বীভৎস হলে স্বয়ংক্রিয়ভাবেই একটি বার্তা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। এ ছাড়া সম্পাদনা ও গ্রাফিকসের সাহায্যে বিভিন্ন ধরনের বিকৃত ভিডিও কিংবা ছবি ছড়ানোর ব্যাপারেও কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারী যাতে এসব দেখতে না পারে, সে জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিরাপদ এবং সতর্কতার সঙ্গে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের উপদেশও দেওয়া হচ্ছে। প্যারিসে সম্প্রতি শার্লি এবদোর ঘটনায় গুলি করার দৃশ্যটি ফেসবুকে বেশি শেয়ার হওয়ায় এ বিষয়ে উদ্যোগী হয়ে উঠেছে কর্তৃপক্ষ। এ ধরনের ভিডিও কিংবা ছবি সহিংসতা বাড়ানোর ক্ষেত্রে অনেকাংশে দায়ী বলে ভাবা হচ্ছে। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ন্যূনতম বয়স ১৩ বছর। তবে অনেকে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক ব্যবহার করছে। এতে করে অনেক ব্যবহারকারীই বিকৃত ছবি কিংবা ভিডিও দেখছে, যা তার বেড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
ফেসবুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মনোবিজ্ঞানীরা। তাঁদের মতে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম এখন প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে, তাই এখানেও এ বিষয়গুলোর প্রতি নজর রাখা উচিত। তবে এ উদ্যোগেই সীমাবদ্ধ না থেকে এ বিষয়ে ফেসবুককে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে কাজী আলম