ফেসবুকে বিশ্বকাপ নিয়ে বার্তাবিনিময় ১৪ কোটির বেশি!
সময় এখন ফুটবলের। সপ্তাহ ধরে পুরো বিশ্বই কাঁপছে বিশ্বকাপ জ্বরে। এ নিয়ে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে উচ্ছ্বাসটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। তাই বলে এতটা বেশি বার্তাবিনিময় আশা করেনি খোদ ফেসবুক কর্তৃপক্ষও।
কোম্পানিটির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিশ্বকাপ শুরুর পর এখন পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ১৪১ মিলিয়ন (১৪ কোটি ১০ লাখ) লোক বিশ্বকাপ নিয়ে বার্তা বিনিময় করেছে। একটি আয়োজনকে কেন্দ্র করে এমন ঘটনা বিরল। এমনকি তিনটি গুরুত্বপূর্ণ খেলা—সুচি অলিম্পিক, যুক্তরাষ্ট্রের ফুটবল আয়োজন সুপার বোল এবং অস্কার পুরস্কারের সময়ও এত লোক ফেসবুকে জটলা পাকায়নি।
কোম্পানিটির তথ্যানুযায়ী, সুপার বোলের সময় পাঁচ কোটি, সুচি অলিম্পিককে কেন্দ্র করে চার কোটি ৫০ লাখ এবং অস্কার অ্যাওয়ার্ডের সময় ১ কোটি ১৩ লাখ মানুষ ফেসবুকে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিল।
প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, বিশ্বকাপ-সংক্রান্ত কোনো পোস্টে লাইক, শেয়ার দেওয়া ব্যক্তিদের ৮৫ ভাগই যুক্তরাষ্ট্রের বাইরের নাগরিক। গোটা বিশ্বে ১২৮ কোটি লোক ব্যবহার করেন ফেসবুক, যাঁদেরও ৮০ শতাংশ আমেরিকান নন।
বিশ্বকাপ উপলক্ষে ফেসবুকে বিপুল লোক সম্পৃক্তির ব্যাপারে কোম্পানির বৈশ্বিক কার্যক্রম ও গণমাধ্যম অংশীদারত্ব বিষয়ক সহসভাপতি জাস্টিন অসফস্কি বলেন, ‘বড় খেলার আয়োজনগুলোকে কেন্দ্র করে ফেসবুকে আমরা বিপুল জনগোষ্ঠীর কথোপকথন লক্ষ করি। তবে বিশ্বকাপকে কেন্দ্র করে আমরা যে আলোচনা লক্ষ করছি সেটি অভাবিত।’
এদিকে বিশ্বকাপে ব্যবহারকারীদের আরও সুযোগ করে দিতে ফেসবুক বিশেষ হ্যাশ ট্যাগ এবং বিশ্বকাপ তারকাদের ছবি পোস্ট করছে। ফেসবুকে পোস্ট করা সংগীতশিল্পী পিটবুলের এ রকম একটি ছবি নিয়েই বার্তাবিনিময় হয়েছে ১২ লাখ বার। ব্রাজিল তারকা নেইমারের একটি ছবি নিয়ে আলোচনাও একই রকম।
প্রিয় দল, প্রিয় ফুটবলার, জয়-পরাজয় নিয়ে এমন আলোচনা এখন ফেসবুকে নিত্য বিষয়।