ফেসবুকে ভার্চুয়াল উপহারের দোকান বন্ধ হয়ে যাচ্ছে
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে জন্মদিন উপলক্ষে কেক, বিভিন্ন ভার্চুয়াল উপহার দেওয়ার পদ্ধতি রয়েছে, যা অনেকেই ফেসবুক-বন্ধুদের উপহার দেয়। দীর্ঘদিন ধরে চলে আসা উপহার দেওয়ার এই পদ্ধতি শিগগিরই বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে। ২০০৭ সালে চালু হওয়া ফেসবুকে উপহার দেওয়ার এ পদ্ধতি অনেকেই প্রিয়জন কিংবা বন্ধুদের ভার্চুয়াল উপহার হিসেবে দিয়েছেন। ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জারেদ মর্গেনস্ট্রেন ফেসবুকের অফিশিয়াল ব্লগে জানান, ‘আমরা অনেক ভেবেচিন্তে এ সিদ্ধান্ত নিয়েছি, যা হয়তো আমাদের অনেক ব্যবহারকারীরই পছন্দ হবে না। তবে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুনভাবে পণ্য উন্নয়নের ব্যাপারে কাজ চলছে বলে জানান তিনি। এখন ফেসবুকে বিভিন্ন ছবি, সংবাদ, গেমস আর কমেন্টে ‘লাইক’ বোতামটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই এ ধরনের আরও নানা বিষয় ফেসবুকে যোগ করারও কাজ চলছে বলে জানা গেছে। ফেসবুক গ্রাহকদের ভার্চুয়াল উপহার কেনার সুবিধা দিয়ে আসছিল অনেক আগ থেকেই। —সিএনএন অবলম্বনে নুরুন্নবী চৌধুরী