ফেসবুকে মিউজিক সার্ভিস!
সংগীতপ্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। শিগগিরই ফেসবুকে মিউজিক সেবা পাওয়া যাবে। অন্য মিউজিক সেবা প্রদানকারী ওয়েবসাইটগুলোর সহযোগিতায় খুব শিগগিরই এ সেবা চালু করবে ফেসবুক।বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগামী আগস্টে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষ ফেসবুকের এ সেবা চালু করতে পারে।এদিকে প্রযুক্তির ব্লগ গিগাওএম জানিয়েছে, ব্যবহারকারীর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের হোমপেজের বাঁ পাশে আলাদা ট্যাবে মিউজিক সার্ভিসটি দেখা যাবে। এখানে পছন্দের সেরা গান, সেরা অ্যালবামসহ সংগীতদুনিয়ার তাত্ক্ষণিক খবর পাওয়া যাবে। এমনকি এসব তথ্য ও পছন্দের গানগুলো ফেসবুকের অন্য বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যাবে। মিউজিক ড্যাসবোর্ড নামে পরিচিত এই সার্ভিসের পাশে থাকবে ছবি, বন্ধুদের তালিকাসহ অন্যান্য সেবার তালিকা।আরও জানা গেছে, গ্রাহকদের মিউজিক সেবাটি দেওয়ার জন্য এরই মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করতে স্পটিফাই নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।