ফেসবুকে ম্যালওয়্যারভর্তি নিউজফিড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে ব্যবহারকারীরা নিজেদের নিউজফিডে (বন্ধুদের খোঁজখবর) এক-পঞ্চমাংশ ম্যালওয়্যার পান। আর এসব ম্যালওয়্যারপূর্ণ নিউজফিডের লিংকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটারে ভাইরাস আক্রমণের শিকার হচ্ছেন। সম্প্রতি এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান বিটডিফেন্ডারের মতে, শতকরা ২০ ভাগ ফেসবুক ব্যবহারকারীর নিউজফিডে ভয়ঙ্করভাবে ম্যালওয়্যার ছড়িয়ে আছে! তবে ফেসবুক কর্তৃপক্ষের মতে, ব্যবহারকারীদের এ সমস্যা থেকে মুক্ত করতে ক্ষতিকর ম্যালওয়্যারযুক্ত লিংক শনাক্তের কাজ চলছে এবং চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই যত দ্রত সম্ভব সরিয়ে ফেলার কার্যক্রম চলছে। এ ব্যাপারে গবেষণা করতে বিটডিফেন্ডার প্রায় ১৪ হাজার ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘সেফগো’ নামের একটি নিরাপত্তাবিষয়ক প্রোগ্রাম (অ্যাপ্লিকেশন) ইনস্টল করে। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই শুধু সামাজিক যোগাযোগের নিরাপত্তার জন্য বিটডিফেন্ডার এ প্রোগ্রামটি তৈরি করেছে। জানা গেছে, ফেসবুকে যেসব ক্ষতিকর ম্যালওয়্যার শনাক্ত হয়েছে, তার বড় একটি অংশই স্বাধীন ডেভেলপারের তৈরি। ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নানা ধরনের আকর্ষণীয় বিষয়কে নির্বাচন করে ম্যালওয়ার ছড়িয়ে দেয় ডেভেলপাররা। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ট্রেন্ড ম্যাক্রোর নিরাপত্তা বিশেষজ্ঞ রিক ফার্গুসন বলেন, একদল ডেভেলপার এ কাজটি করে যাচ্ছে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের সাইটে যেখানে ব্যবহারকারীদের সংখ্যা অনেক। তিনি বলেন, এ ছাড়া এসব সাইটে ব্যবহারকারীদের নিজেদের মধ্যে বিশ্বাসের ব্যাপারটি থাকে, যে সুযোগটি ব্যবহার করে আক্রমণকারীরা। তবে এ থেকে রক্ষা পেতে ফেসবুকে পাওয়া যেকোনো ফিডেই ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী