ফেসবুকে যুক্ত হচ্ছে শব্দ সংকেত!
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার নোটিফিকেশনের পাশাপাশি শব্দ সংকেত যুক্ত হচ্ছে। সম্প্রতি এ ব্যাপারে পরীক্ষা চলছে বলে জানা গেছে। নোটিফিকেশন এলে যেমন বর্তমানে সংখ্যা দেখানো হয় সেখানে নতুন এ ব্যবস্থায় শব্দ সংকেত পাবেন ব্যবহারকারী। নতুন এ পদ্ধতিকে বলা হচ্ছে শব্দের মাধ্যমে নোটিফিকেশন জানার ব্যবস্থা। এ পদ্ধতিতে ফেসবুকের কেউ বার্তা পাঠালে, টাইম লাইনে কিছু লিখলে, কোনো আমন্ত্রণ পাঠালে কিংবা ছবিতে ট্যাগ করলে যখন নোটিফিকেশন আসবে তখন একটি শব্দ হবে। আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ফেসবুকের একজন মুখপাত্র নতুন এ পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চলছে বলে স্বীকার করেছেন।জানা গেছে, নতুন এ ব্যবস্থাটি ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক নয়। শব্দ শোনার এ ব্যবস্থা ব্যবহারকারী নিজের পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন। ইতিমধ্যে সীমিত আকারে পদ্ধতিটির প্রয়োগও শুরু হয়েছে। তবে নতুন এ পদ্ধতিটি সম্পর্কে অধিকাংশ ব্যবহারকারীই বিরূপ মত প্রকাশ করেছেন। তাঁদের মতে, এটা ঠিক ভালো কিছু নয়। কারণ, এখনো নোটিফিকেশন এলে আমরা তা বুঝতে পারি। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম