ফেসবুকে যোগ হলো ছবির নতুন অ্যাপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে এবার যোগ হলো ছবি তোলা ও আদান-প্রদানের নতুন অ্যাপস (অ্যাপ্লিকেশন)। ইনস্টাগ্রাম নামের জনপ্রিয় এ প্রোগ্রামটি অ্যাপলের আইফোন, আইপ্যাড ও আইপড টাচের পাশাপাশি গুগলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডেও রয়েছে। নতুন এই অ্যাপস কিনতে ফেসবুকের খরচ হয়েছে ১০০ কোটি ডলার! ব্যবহারকারী বাড়ানোর পাশাপাশি বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের দিকে নজর দিচ্ছে বলে আগেই খবর পাওয়া গিয়েছিল। ইনস্টাগ্রাম কেনার মাধ্যমে সেটি প্রকাশ্য জানান দিল বিশ্বসেরা এ সামাজিক যোগাযোগের সাইটটি। ২০১১ সালের জানুয়ারি মাসে চালু হওয়া অ্যাপ্লিকেশনটির বর্তমান ব্যবহারকারী প্রায় তিন কোটি! চালু হওয়ার বছরের শেষ পর্যন্ত এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে প্রায় ৪০ কোটি ছবি আপলোড করা হয়েছে! গত সপ্তাহে অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশনটি চালু হওয়ার পর ইতিমধ্যে প্রায় ১০ লাখ বার নামানো হয়েছে।জনপ্রিয় এ অ্যাপ্লিকেশনটি কেনার মধ্য দিয়ে আরেক প্রতিদ্বন্দ্বী গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাস থেকে এগিয়ে গেল ফেসবুক। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ‘ফেসবুকের জন্য এটি একটি দারুণ ব্যাপার যে ছবি তোলা ও শেয়ার অভিজ্ঞতার উন্নয়নের জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন যুক্ত হলো। এ ছাড়া এটি প্রথম কোনো পণ্য অথবা প্রতিষ্ঠান, যা কেনা হয়েছে অনেক ব্যবহারকারী যার সঙ্গে ইতিমধ্যেই যুক্ত।’ নতুন এ অ্যাপ্লিকেশনটির আরও উন্নয়নে ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে কাজ করবে এবং এর মাধ্যমে মোবাইল ফোনে তোলা ছবিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের অ্যাপ্লিকেশন কেনার বিষয়টিকে দারুণভাবে দেখছেন প্রযুক্তিবাজার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এর ফলে জনপ্রিয় এবং ভালো অ্যাপসের কদর বাড়বে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম