ফেসবুকে রাঙি বিজয়ের রঙে

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করার কার্যক্রম শুরু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
১২ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
‘আসুন রাঙি বিজয়ের রঙে’ শীর্ষক এক আয়োজনের মাধ্যমে জাতীয় পতাকা দিয়ে ফেসবুকের প্রোফাইল ছবিটি পরিবর্তন করার জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে ইজি টেকনোলজি লিমিটেড। এই উদ্যোগে সাহায্য করছে আইটিবাজার টোয়েন্টিফোর ডটকম ও ও অহনিশি ফ্লিম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরো ডিসেম্বর মাস জুড়ে যে কেউ প্রোফাইলের ছবি পরিবর্তন করতে পারবেন। এ কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল ছবিতে পরিবর্তন আনা সম্ভব হতে পারে। ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করার জন্য (https://bijoy71.net/) লিংকটিতে যেতে হবে।
ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করার মাধ্যমে বিজয় দিবস উদ্যাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, বুশরা শাহরিয়ার, ইজি টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান প্রমুখ।