ফেসবুকে শিশুকিশোরদের জন্য চাই নিরাপত্তা
সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুকের প্রতি পাতায় শিশুকিশোরদের হয়রানি থেকে রক্ষার্থে বিশেষ সচেতনতা লিংক যোগ করার আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে যুক্তরাজ্য শিশু প্রতিরক্ষা সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে যোগাযোগের পর একজনের মৃত্যুর ঘটনায় এ আহ্বান জানানো হয়। ইন্টারনেটে শিশুদের হয়রানি থেকে রক্ষা করার কাজে যুক্ত চাইল্ড এক্সপ্লোয়েশন অ্যান্ড অনলাইন প্রটেকশনের (সিইওপি) পক্ষ থেকে এ ব্যাপারে ফেসবুককে জানানো হয়। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের সূত্র ধরে ১৭ বছরের অ্যাশলে হল নামের এক শিক্ষার্থী খুন হয়। অপরাধী পিটার চ্যাপমেন নামের ওই ব্যক্তি বর্তমানে কারাগারে। ফেসবুকে এই অপরাধী নিজেকে পিটার কার্টরাইট নামে পরিচিত করে। ঘটনাটি ভয়াবহ বলে মন্তব্য করে সিইওপির পরিচালক জিম গেমব্লি বলেন, ইন্টারনেটে শিশুদের রক্ষা করতে ফেসবুকের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। গত সপ্তাহে তিনি জানান, চলতি বছরের প্রথম তিন মাসে ফেসবুক সম্পর্কে প্রায় ২৫২টি অভিযোগ এসেছে, যার মধ্যে নানাভাবে শিশুদের হয়রানির কথা উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটে ‘পেনিক বাটন’ নামের একটি লিংক যুক্ত করা হয়েছে, যেখান থেকে হ্যাকিং, ভাইরাস, সাইবার হামলা, যৌনতা-বিষয়ক সচেতনতা ইত্যাদি সম্পর্কে জানা যাবে। এমন একটি লিংক ফেসবুকের প্রতিটি পাতায় যুক্ত করার আহ্বান জানান জিম। ফেসবুকের পক্ষ থেকে এ ঘটনাটিকে দুঃখজনক অভিহিত করে এ ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলে জানানো হয়েছে। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী