ফেসবুকে সক্রিয় বিজ্ঞাপনদাতা ১০ লাখ!

১০ লাখ সক্রিয় বিজ্ঞাপনদাতার মাইলফলক স্পর্শ করেছে ফেসবুক। ১৮ জুন মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপনদাতার এ সংখ্যা প্রকাশ করেছে।
এ ক্ষেত্রে ফেসবুকে কমপক্ষে ২৮ দিন বিজ্ঞাপন দেখিয়েছেন এমন বিজ্ঞাপনদাতার সংখ্যার হিসাবই ধরা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের অধিকাংশ বিজ্ঞাপনদাতাই ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তা। তবে ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তাদের কাছ থেকে আরও বেশি বিজ্ঞাপন পাওয়ার আশা করছেন ফেসবুকের কর্মকর্তারা।
ফেসবুকের ক্ষুদ্র ব্যবসা বিভাগের পরিচালক ড্যান লেভি জানিয়েছেন, অধিকাংশ ক্ষুদ্র ব্যবসার মালিকেরা ব্যক্তিগত ফেসবুক খোলেন আগে, তারপর একটি পেজ খোলেন। এরপর তাঁরা ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে
তাঁদের ব্যবসার প্রসার ঘটান।
ফেসবুকে পেজ খুলতে কোনো চার্জ আরোপ করা হবে না বলেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, ১০০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক আয় বাড়ানোর জন্য নানা চেষ্টা করে যাচ্ছে। ১০ লাখ সক্রিয় বিজ্ঞাপনদাতার মাইলফলক স্পর্শ করা সে ক্ষেত্রে ফেসবুকের জন্য ভালো লক্ষণ।