ফেসবুকে সরাসরি চ্যাট করবেন উইনফ্রে
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি চ্যাট করতে যাচ্ছেন। ৮ সেপ্টেম্বর তিনি সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটে সরাসরি চ্যাট করবেন। ফেসবুকের গ্রাহকেরা যুক্তরাষ্ট্রের সময় বেলা একটা ৩০ মিনিটে অপরাহ উইনফ্রের সঙ্গে ঘণ্টাব্যাপী এই সরাসরি আলোচনায় অংশ নিতে পারবেন। এ ছাড়া সরাসরি চ্যাট উপলক্ষে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। উইনফ্রের ভক্তরা ইচ্ছে করলে সেখানে তাঁর জন্য প্রশ্ন রাখতে পারেন। ৫৭ বছর বয়সী অপরাহ উইনফ্রে অনেক আগেই ফেসবুকের গ্রাহক হয়েছেন। ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় ৬৩ লাখ। অন্যদিকে টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৭২ লাখ। যে টক শোটি উপস্থাপনা করে অপরাহ বিখ্যাত হয়েছেন, সেই ‘অপরাহ উইনফ্রে শো’ চলতি বছরের মে মাসে শেষ হয়ে গেছে। তবে তিনি তাঁর নিজের টেলিভিশন চ্যানেল অপরাহ উইনফ্রে নেটওয়ার্কে একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। চলতি বছরে এই টেলিভিশন চ্যানেলটি চালু হয়। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান