ফেসবুকে স্ক্যামের আক্রমণ!
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীরা নতুন এক ধরণের স্ক্যাম (ক্ষতিকর প্রোগ্রাম—যা কারও কম্পিউটারে ঢুকে সেটি থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে) আক্রমণের শিকার হচ্ছেন। এই ভাইরাস ফেসবুক ব্যবহারকারীদের ‘ডিসলাইক বাটন’ ইনস্টল করার সুযোগ নেওয়ার আহ্বান জানায়। এটি একটি অনলাইন জরিপে অংশ নেওয়ার জন্যও গ্রাহকদের প্রলুব্ধ করে। ফেসবুক ইতিমধ্যে তার গ্রাহকদের জন্য একটি ‘লাইক’ বাটন সরবরাহ করেছে। এই বাটনের মাধ্যমে একজন গ্রাহক অন্য গ্রাহকদের পোস্ট করা মন্তব্য এবং ছবি পছন্দ হয়েছে কি না, তা জানায়। কম্পিউটার নিরাপত্তা তদারককারী প্রতিষ্ঠান সোফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রাহাম ক্লুলি বলেন, বন্ধুর ছদ্মবেশে এসে এই স্ক্যাম গ্রাহকদের প্রলুব্ধ করার চেষ্টা করে। ‘ডাউনলোড দ্য অফিশিয়াল ডিসলাইক বাটন নাউ’—এ রকম একটি বার্তা কম্পিউটারের মনিটরে ভেসে উঠলেই ফেসবুক ব্যবহারকারীরা বুঝতে পারবেন, তাঁদের ব্যক্তিগত তথ্য চুরি হতে যাচ্ছে।যদি কেউ ওই বার্তার ওপর ক্লিক করেন, তাহলে তাঁকে আবার একটি প্রোগাম ইনস্টল করতে বলে। এরপর কম্পিউটারের মনিটরে অসংলগ্ন বার্তা আসতে থাকে, যা ফেসবুকে গ্রাহকের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত করে। ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘এ ধরনের সন্দেহজনক কোনো বার্তা এলে, তা এড়িয়ে চলার জন্য আমরা সব সময় গ্রাহকদের পরামর্শ দিয়ে থাকি। যদি বন্ধুর কাছ থেকেও এ ধরনের বার্তা আসে, তাও এড়িয়ে চলার পরামর্শ দিই আমরা। এই স্ক্যাম সম্পর্কে আমরা গ্রাহকদের সতর্ক করে দিয়ে ই-মেইলও পাঠিয়েছি। তার পরও অঘটন ঘটছে।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান