ফেসবুকে স্বয়ংক্রিয় ফ্রেন্ড রিকোয়েস্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধু হওয়ার আমন্ত্রণ (ফ্রেন্ড রিকোয়েস্ট) পাঠানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে বেশ কিছু ফোরাম ও ব্লগেও এ ধরনের আমন্ত্রণ পাঠানো হচ্ছে। এ তালিকায় আছে ফেসবুকে থাকা বন্ধুরাও। এ সমস্যা কেন হচ্ছে, এ ব্যাপারে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে এটি তাদের নতুন কোনো ফিচার কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের বেশ কিছু অযাচিত প্রোগ্রাম (অ্যাপ্লিকেশন) এ সমস্যার জন্য দায়ী। বর্তমানে যে কেউ ফেসবুকের জন্য প্রোগ্রাম বানাতে পারে, যা ফেসবুক পরীক্ষা ছাড়াই ব্যবহারের অনুমতি দেয়। এ ব্যাপারটি ঠিক নয় বলে অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিবিষয়ক ব্লগ লেখক নিক কুবরিলোভিক বলেন, সাধারণ ব্যবহারকারীরা যখন প্রোগ্রাম চালু করার জন্য অনুমোদন দেন তখন এটা কিসের প্রোগ্রাম, সে বিষয়ে নজর দেন কম। কারণ, প্রতিটি প্রোগ্রামই অনুমোদিত হতে হলে ব্যবহারকারী কর্তৃক অনুমোদন পাওয়া লাগে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর নানা তথ্য জেনে যায় ওই প্রোগ্রাম কর্তৃপক্ষ। আর তা থেকেই অনেক অযাচিত প্রোগ্রাম তৈরিকারীরা তথ্য পেয়ে স্পাম পাঠায়। আর তাই যেকোনো প্রোগ্রাম ফেসবুকে দেওয়ার আগে একটি নীতিমালা থাকা প্রয়োজন এবং ফেসবুক কর্তৃপক্ষের সেসব প্রোগ্রাম পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ব্যবহারকারী প্রোগ্রাম সম্পর্কে না জেনে অনুমোদন না দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম