ফেসবুকে ১২ জনকে খুঁজছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক
ফেসবুক

চলতি বছরের প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ১২ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। ফেসবুক প্রকাশিত ‘গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্টস রিপোর্ট’ এ তথ্য প্রদর্শন করছে। বিভিন্ন দেশের সরকার তথ্য জানতে চেয়ে যে অনুরোধ পাঠায় তা নিয়েই গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল ফেসবুক।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকার একসঙ্গে ফেসবুকের কাছে ১২টি অ্যাকাউন্ট বা ব্যবহারকারীর তথ্য জানতে চেয়েছে। তবে ফেসবুক কর্তৃপক্ষ সে আবেদনে সাড়া দেয়নি।
কোনো ধরনের অ্যাকাউন্ট বা ব্যবহারকারী সম্পর্কে ফেসবুকের কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে সে সম্পর্কে ফেসবুকের প্রতিবেদনে কোনো উল্লেখ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৪ টি দেশের পক্ষ থেকে ৩৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর তথ্য চেয়ে করা অনুরোধ ৮০ শতাংশ ক্ষেত্রে পূরণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে ভারত। এ ছাড়াও রয়েছে যুক্তরাজ্য, জার্মানির মতো দেশ।
এখন থেকে ফেসবুক প্রতি ছয় মাস অন্তর এ ধরনের প্রতিবেদন প্রকাশ করবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানার লিংক
https://www.facebook.com/about/government_requests