ফেসবুকের আটে পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক আট বছর পূর্ণ করল শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০১২-তে। কোনো আয়োজন ছাড়াই পালিত হলো ফেসবুকের আট বছর পূর্তি। হার্ভার্ড ইউনিভার্সিটির ছোট ডরমেটোরিতে ৪ ফেব্রুয়ারি ফেসবুক চালু করেছিলেন মার্ক জাকারবার্গ। শুধু কলেজপড়ুয়া শিক্ষার্থীদের জন্য চালু করা এ সাইটটিতে বর্তমানে সাড়ে ৮৪ কোটি ব্যবহারকারী রয়েছে বলেই সম্প্রতি ফেসবুক তাদের আইপিও আবেদনে উল্লেখ করেছে।গুগলের পরই বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইট হচ্ছে ফেসবুক। চলতি বছরের আগস্টে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে—এমন পূর্বাভাসই দিয়েছে প্রযুক্তি সাইট ম্যাশঅ্যাবল।চলতি বছরের ১ ফেব্রুয়ারি ৫০০ কোটি ডলারের আইপিও আবেদন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর ফলে ফেসবুকের মূল্য হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এমনটাই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ব্যক্তি প্রতিষ্ঠান থেকে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল ফেসবুক।বিভিন্ন চড়াই-উত্রাই পেরিয়েই আজকের এই অবস্থানে পৌঁছেছে ফেসবুক। প্রাইভেসি নিয়ে সমালোচিত হলেও এই আট বছরে ফিচারের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন এনেছে ফেসবুক। সর্বশেষ পরিবর্তন হিসেবে টাইমলাইন ফিচারটি শিগগিরই বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।সামাজিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে ফেসবুক। মিসর, সিরিয়া, তিউনিসিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ফেসবুক ‘আরব বসন্ত’-খ্যাত গণজোয়ার তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে, যা সরকার উত্খাতের মতো বিপ্লব তৈরি করতে সহায়ক ভূমিকা রেখেছে।বিশ্বে ৭০টিরও বেশি ভাষায় ফেসবুক ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে ৭০ শতাংশ প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহার করে। চিলি ও তুরস্কের মতো দেশে ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকপ্রেমী। ফেসবেকার্স ডটকমের তথ্য অনুসারে, বাংলাদেশেও ২০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে।