ফেসবুকের আরও এক দোসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক উইট নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে
ফেসবুক উইট নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করছে

ডেস্কটপ ও মোবাইল জয় করার পর ফেসবুকের পরবর্তী লক্ষ্য পরিধেয় প্রযুক্তিপণ্য। সম্প্রতি পরিধেয় পণ্য ও ইন্টারনেট-সংযোগ সুবিধার অন্যান্য পণ্যের জন্য কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি নির্মাতা একটি প্রতিষ্ঠান কিনেছে ফেসবুক।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক উইট ডট এআই নামের দেড় বছর বয়সী এই উদ্যোক্তা প্রতিষ্ঠানটি কিনে নিয়েছে ফেসবুক। অবশ্য এটি কিনতে কত অর্থ খরচ হয়েছে, প্রতিষ্ঠানটি সে বিষয়ে কোনো তথ্য জানায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি এমন সফটওয়্যার তৈরি করে, যা কথা ও লেখা বুঝতে পারে।

অবশ্য, ফেসবুক নতুন এই প্রতিষ্ঠানটিকে নিয়ে কী করবে বা কোন দলের সঙ্গে উইট টিম কাজ করবে, সে বিষয়ে মুখ খোলেননি ফেসবুকের মুখপাত্ররা। বাজার বিশ্লেষকেরা বলছেন, স্মার্টওয়াচ থেকে ওয়াশিং মেশিন পর্যন্ত ইন্টারনেট সংযুক্ত পণ্যে নিজেদের দখল বাড়ানোর দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিনে রাখছে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান।

বর্তমানে ১৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক পিসি, ট্যাব ও স্মার্টফোনের পাশাপাশি নতুন প্রযুক্তিপণ্য নিয়েও ভাবতে শুরু করেছে। গত বছরের মার্চ মাসে ভারচুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস ভিআরকে কিনেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে ফেসবুক গোয়ালা, ইনস্টাগ্রাম, লাইটবক্স, হোয়াটসঅ্যাপ, অ্যাক্রিলিক, ব্রাঞ্চের মতো ছোট-বড় অনেক প্রতিষ্ঠানই অধিগ্রহণ করেছে।