ফেসবুকের ইতিহাসে সবচেয়ে বড় গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইন্টারনেটে ‘এরর ৪০৪’ বলে একটা কথা আছে। যার অর্থ ওয়েব পেজটি পাওয়া যায়নি। এরর ৪০৪ সাংকেতিক নাম অনুসারে ফেসবুক তৈরি করেছে যন্ত্রাংশ তৈরির গবেষণাগার ‘এরিয়া ৪০৪’। পৃথিবীকে এক সুতোয় বাঁধার যে কথা ফেসবুক বারবার বলে এসেছে, তার জন্য দরকার উদ্ভাবন আর উন্নয়ন। কিন্তু এর জন্য যে যন্ত্রপাতি দরকার, তা নাকি এত দিন ফেসবুকে ‘পাওয়া যায়নি’। সেই শূন্যস্থান পূরণ করতেই যুক্তরাষ্ট্রের মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ে ২২ হাজার বর্গফুটের এরিয়া ৪০৪ নামের এ গবেষণাগার চালু হচ্ছে।
বুধবার নিজের পেজে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এরিয়া ৪০৪-এর ঘোষণা দেন। শুরুতেই তিনি লেখেন, ‘ফেসবুকের ইতিহাসে আজ আমরা সবচেয়ে বড় এবং সর্বাধুনিক হার্ডওয়্যার গবেষণাগার চালু করলাম।’ তাঁর কথা থেকেই গবেষণাগারটি ফেসবুকের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বোঝা যায়।
সর্বশেষ ডেভেলপার সম্মেলনে ফেসবুকের ১০ বছরের পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্ক। সেখানে অকুলাস রিফট থেকে শুরু করে চালকহীন ড্রোন অ্যাকুইলা তৈরির কথা বলা হয়েছে। এত দিন প্রতিটি দলের জন্য আলাদা গবেষণাগার ছিল। সবার কাজের মধ্যে সমন্বয় এনে দ্রুত কাজ সারতেই নতুন এই গবেষণাগার বলে জানিয়েছেন মার্ক। সেখানে সব এমনই ‘ভয়ংকর’ যন্ত্রপাতি যে কিছু কিছু ঘরে জাকারবার্গেরও না বলে ঢোকার অনুমতি নেই। নয় মাস আগে কাজ শুরু হওয়া গবেষণাগারটির আকার প্রায় ফুটবল মাঠের অর্ধেক। সেখানে যন্ত্রপাতি বসাতে যেমন মাটি খুঁড়তে হয়েছে, তেমনই কোনো কোনো ঘরের ছাদ কাটতেও হয়েছে।

প্রতিটি যন্ত্রপাতির গায়ে নাম লেখা আছে। কারণ হিসেবে ফেসবুকের থ্রিডি মডেল প্রস্তুতকারক স্পেন্সার বার্নস ডেভেলপার পোর্টাল ফেসবুক কোডে মজা করে লিখেছেন, ফেসবুক কখনোই দ্রুত এগিয়ে যেতে পারবে না, যদি না এর কর্মীরা কাজের যন্ত্রপাতি চিনতে পারেন। তাই বলে সবকিছু এই গবেষণাগারে হবে—এমনটা ভাবার কিছু নেই। এখনো অনেক কাজই বাইরে থেকে করিয়ে নিতে হচ্ছে ফেসবুককে। আর এখানে শুধুই নমুনা তৈরি করা হবে, বাণিজ্যিক উৎপাদন সম্ভব নয়।

মেহেদী হাসান, সূত্র: টেকক্রাঞ্চ, ফেসবুক কোড