ফেসবুকের এক্সপ্লোর ফিড ব্যবহার করেছেন?
প্রতিদিন ফেসবুকের নিউজ ফিড দেখেন না, এমন ব্যবহারকারী পাওয়া দুষ্কর। কিন্তু নিজের নিউজ ফিড দেখতে দেখতে কখনো কি লক্ষ করেছেন ফেসবুকের এক্সপ্লোর ফিড? একবার ঘুরে আসা যেতে পারে এক্সপ্লোর ফিডে। ফেসবুক এই ফিডকে এমনভাবে সাজিয়েছে, যেখানে ভিডিও এবং বিভিন্ন পোস্ট এলোমেলোভাবে ব্যবহারকারীর পর্দায় আসবে। ব্যবহারকারীর নিজের ফিড থেকে এই ফিডের বিশেষত্ব হলো, এটি বন্ধু-পরিজনের বাইরে অন্যদের পোস্টগুলোর মধ্যে সেরাগুলো দিয়ে সাজানো। বিশেষ করে যাঁরা ফেসবুকে ভিডিও দেখতে বা বিভিন্ন নিবন্ধ পড়তে পছন্দ করেন, তাঁদের উপযোগী একটি অপশন হতে পারে। নিশ্চিন্তে শুধু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে।
যেভাবে এক্সপ্লোর ফিড পাওয়া যাবে: অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ফেসবুক অ্যাপ চালু করে ডান দিকে ওপরে মেনু বোতাম চাপতে হবে। তারপর কিছুটা নিচের দিকে ফেবারিট অনুচ্ছেদে পাওয়া যাবে এক্সপ্লোর ফিড অপশন।
আইওএস প্ল্যাটফর্মের জন্য ফেসবুক অ্যাপ চালু করে ডান দিকে নিচে মেনু বোতাম চাপতে হবে। তারপর একইভাবে ফেবারিট অনুচ্ছেদে এক্সপ্লোর ফিড অপশন পাওয়া যাবে। যদি না পাওয়া যায়, তাহলে মোর অপশনে চাপ দিলেই পেয়ে যাবেন।
এই ফিডটি ফেসবুকের সাধারণ ফিডের মতোই কাজ করে। একবার ফিডটি চালু করলে যেকোনো পোস্টে লাইক, মন্তব্য ও শেয়ার করা যাবে। যেকোনো পোস্ট বা ফেসবুক অ্যাকাউন্ট দেখতে থাকবে না কোনো বাধা।
মারিফুল হাসান, সিনেট