ফেসবুকের কাছে ব্ল্যাকবেরি বিক্রির প্রস্তাব!

সম্প্রতি ব্ল্যাকবেরি বিক্রির জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ধর্ণা দিয়েছেন ফেসবুকের কাছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্ল্যাকবেরির কর্মকর্তারা সম্প্রতি ফেসবুকের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এসময় ব্ল্যাকবেরি কেনার কোনো আগ্রহ রয়েছে কিনা তা জানতে চেয়েছেন তাঁরা। অবশ্য ব্ল্যাকবেরি কিনে নিতে কোনো আগ্রহ দেখিয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি ফেসবুক কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ব্ল্যাকবেরি কর্তৃপক্ষকে সম্ভবত জাকারবার্গের কাছ থেকে নিরাশ হতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটি এখনও আশা ছাড়েনি।
মার্কিন বাজার বিশ্লেষকেরা বলছেন, ফেসবুক কর্তৃপক্ষ তাদের নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে কাজ করছে। এক্ষেত্রে ব্ল্যাকবেরি কিনে নিলে ফেসবুকের জন্য হয়তো কাজটি সহজ হয়ে যাবে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে অ্যান্ড্রয়েডকে ধরা। এক্ষেত্রে ব্ল্যাকবেরি তাদের চিন্তায় নাও আসতে পারে।
এদিকে সম্প্রতি ‘ফেসবুক হোম’ নামে অ্যান্ড্রয়েডের জন্য একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে ফেসবুক। এইচটিসি ওয়ান স্মার্টফোনের জন্য উন্মুক্ত করা এ অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের পরিবর্তে আলাদা হোমস্ক্রিন তৈরি করে। তবে এ সফটওয়্যারটি জনপ্রিয়তা পায়নি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ¯্মার্টফোন ব্যবসায় ধুঁকতে থাকা ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ সম্ভাব্য ক্রেতা হিসেবে গুগল, সিসকো, এসএপির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। ব্ল্যাকবেরির স্মার্টফোন ব্যবসার পুরো অংশ বা অংশবিশেষ বেচতে আগ্রহী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ব্ল্যাকবেরি আশা করছে নামকরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কোনো একটি কিনে নেবে ব্ল্যাকবেরিকে। এর আগে ২৩ সেপ্টেম্বর ৪৭০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছে ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির প্রধান হচ্ছেন প্রেম ওয়াটসা নামের একজন ধনকুবের। বর্তমানে ব্ল্যাকবেরির সবচেয়ে বেশি শেয়ারের মালিক ফেয়ারফ্যাক্স। ফেয়ারফ্যাক্সের প্রস্তাব নিয়ে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার আগে গুগল, ইনটেল, এলজি, স্যামসাং, সিসকো, এসএপির সঙ্গে আলোচনা করছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ।
বাজার বিশ্লেষকেরা বলছেন, একসময় বাজারের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরি অ্যান্ড্রয়েড-নির্ভর স্মার্টফোন, আইফোন ও উইন্ডোজ ফোনের সঙ্গে বাজারে পেরে উঠছে না। দীর্ঘদিন ধরেই ব্ল্যাকবেরিকে লাভের ধারায় ফেরাতে চেষ্টা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। রিম নাম থেকে ব্ল্যাকবেরি নাম দেওয়া, নতুন অপারেটিং সিস্টেমের উন্নয়ন এবং নতুন স্মার্টফোন বাজারে আনা সত্ত্বেও ব্ল্যাকবেরি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়ে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিয়ে বেড়াচ্ছে।