ফেসবুকের গোপনীয়তা নীতি সহজ হচ্ছে
সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা নীতি সহজ করার জন্য বেশ কিছু পরিবর্তন আনছে ফেসবুক কর্তৃপক্ষ। গত বছরের শেষ দিকে ফেসবুক গোপনীয়তা পরিবর্তনের ব্যাপারে বেশ কিছু পরিবর্তন এনেছিল। এর পরও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ ব্যাপারে অনেক ব্যবহারকারী অভিযোগ রয়েছেন। এ পরিবর্তনের বিরোধিতায় সম্প্রতি একদল ব্যবহারকারী ‘কুইট ফেসবুক’ নামে একটি গ্রুপ খোলেন। যেখানে বলা হয়, গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ওই গ্রুপের সবাই ৩১ মে নিজেদের ফেসবুক ঠিকানা মুছে ফেলবেন। তবে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ‘প্রাইভেসি’ পরিবর্তনের ফলে প্রায় এক কোটি ব্যবহারকারী নতুনভাবে যোগ দিয়েছেন। এ ছাড়া গত বছরের ওই পরিবর্তনের ফলে ৫০ শতাংশ ব্যবহারকারী নিজেদের প্রাইভেসি পরিবর্তন করেছেন বলেও জানানো হয়।এ ছাড়া ফেসবুক মুঠোফোনে ব্যবহার উপযোগী একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে ফেসবুকের পুরো সুযোগ পাওয়া যাবে। www.0.facebook.com ঠিকানার এ ওয়েবসাইটটি বর্তমানে ৪৫টি দেশের ৫০টি মোবাইল ফোন প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত রয়েছে। ফেসবুকে বর্তমানে প্রায় ৪০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। এ সংখ্যা আরও বাড়ানোর ব্যাপারে নানা ধরনের কার্যক্রমের মধ্যে নতুন নতুন ব্যবহার উপযোগী কার্যক্রম ধীরে ধীরে বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। —বিবিসি