ফেসবুকের গোপনীয়তার নীতি সহজ করার কথা বলেছেন জুকারবার্গ
সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের গোপনীয়তার নীতি সহজ করার ব্যাপারে উদ্যোগের কথা জানালেন সাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সম্প্রতি ফেসবুকের গোপনীয়তার নীতি নিয়ে চলতে থাকা সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, আমরা সঠিক সময়ে কাজটি করতে পারিনি। ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক লেখায় তিনি জানান, সামাজিক যোগাযোগের সুবিধা শিগগিরই ব্যবহারকারীদের জন্য সহজ হচ্ছে। তিনি বলেন, অনেকেই মনে করেন আমাদের নিয়ন্ত্রণপদ্ধতি খুব জটিল, যা ঠিক নয়। প্রযুক্তিবিষয়ে ব্লগলেখক রবার্ট স্কোবেলকে দেওয়া এক ই-মেইল বার্তায় জুকারবার্গ স্বীকার করেছেন, গোপনীয়তার নীতিতে একটা বড় ভুল হয়েছে। সম্প্রতি ফেসবুকে গোপনীয়তার নীতি পরিবর্তনের বিরোধিতায় একদল ব্যবহারকারী ‘কুইট ফেসবুক’ নামে একটি গ্রুপ খোলেন। যেখানে বলা হয়, গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ওই গ্রুপের সবাই ৩১ মে নিজেদের ফেসবুক ঠিকানা মুছে ফেলবেন। ওই গ্রুপে প্রায় ১৩ হাজার ৫০০ ব্যবহারকারী নিজেদের ঠিকানা মুছে ফেলার কথা বলেছেন। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী