ফেসবুকের চ্যাট অ্যাপ 'রুমস'

পরিচয় গোপন করে চ্যাট বা আলাপ করার সুবিধা দিতে ‘রুমস’ নামে একটি চ্যাটিং অ্যাপ্লিকেশন গতকাল বৃহস্পতিবার উন্মুক্ত করেছে ফেসবুক। অ্যাপ্লিকেশনটির সাহায্যে ভারচুয়াল রুম তৈরি করে যেকোনো পরিচয় দিয়েই চ্যাট করা যাবে। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে আসল পরিচয় বাধ্যতামূলক বলে অনেক ব্যবহারকারীই ক্ষুব্ধ ছিলেন। তাদের খুশি করতেই পরিচয় গোপন করে চ্যাট করার এই অ্যাপ্লিকেশনটি উন্মুক্ত করেছে ফেসবুক। ফেসবুকের ক্রিয়েটিভ ল্যাবসের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘আমরা যা হতে চাই. ইন্টারনেটে তাই হওয়ার সুযোগ থাকে। রুমসের মধ্যে তাই ইচ্ছানুযায়ী নাম-পরিচয় দিয়ে চ্যাট করার সুযোগ রাখা হয়েছে।’
ফেসবুকের ক্রিয়েটিভ ল্যাবস জানিয়েছে, যাঁরা নিজের ভৌগলিক অবস্থান ও অনলাইন পরিচয় গোপন করে আলাপ করতে চান ফোরাম, মেসেজ বোর্ড ও চ্যাটরুম তাদের জন্য আড্ডার জায়গা ছিল। এখনকার যুগের স্মার্টফোন ও আগের যুগের ওয়েব যোগাযোগের বিষয়টি থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয়েছে রুমস অ্যাপ্লিকেশনটি।