ফেসবুকের ছবি দেখে প্রোফাইল যাচাই!
ফেসবুকে টাইমলাইন ফিচার যোগ করে সম্প্রতি বড় ‘কভার ফটো’ দেওয়ার অপশন চালু হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ফেসবুকের কভারে দেওয়া ছবি দেখেই এখন ছবির ব্যক্তিটি সম্পর্কে ধারণা করছেন অন্যেরা।ফেসবুকের কভারের বা প্রচ্ছদের ছবি হিসেবে কেউ নিজের ছবি দেন, কেউ বা তাঁর প্রিয় কোনো প্রাণী বা প্রিয় বস্তুর ছবি দেন। বড় আকারের এ কভার ছবিটি ছাড়া সেখানে একটি প্রোফাইল ছবিও থাকে। অভিজ্ঞজনেরা বলেন, ‘কভার দেখে বইয়ের বিচার করতে নেই।’ এ ক্ষেত্রে কভারের ছবি দেখে কি প্রোফাইলের ব্যক্তিটির বিচার করা সম্ভব? সম্প্রতি এ নিয়ে গবেষণা করেছেন ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষক ব্র্যান্ডন ভ্যান ডার হেইডি। গবেষক হেইডির গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই কভারের ছবি দেখেই ব্যক্তি সম্পর্কে ধারণা পোষণ করেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীরা।হেইডি বলেন, যদি প্রোফাইলে স্বাভাবিক কোনো ছবি দেওয়া হয়, তবে তা আগ্রহ তৈরি করে না। ফলে প্রোফাইলের বাকি অংশ আর দেখা হয় না। তবে বৈচিত্র্যপূর্ণ ছবি দেওয়া হলে তা আগ্রহ তৈরি করে। প্রোফাইলের বাকি তথ্য দেখতে তখন ব্যবহারকারীরা উত্সাহী হয়। আর যদি একেবারেই অস্বাভাবিক হয় ছবি, সে ক্ষেত্রে তা অনেক বেশি মনোযোগ আকর্ষণ করে এবং প্রোফাইলের অন্যদের প্রতি আগ্রহ তৈরি হয়। হেইডির মতে, অধিকাংশ ক্ষেত্রে প্রোফাইলের কোনো শব্দ না পড়েই এ ‘বিচার’ করা হয়।ফেসবুকের প্রোফাইলে দেওয়া ছবিটির প্রতি গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা।