ফেসবুকের জয়রথ
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের জয়রথ ছুটছে ঝড়ের বেগে। সর্বশেষ খবর থেকে জানা গেছে, এ পর্যন্ত ফেসবুকে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ডলার! যার ফলে ফেসবুকের মোট সম্পদের অঙ্কটা এখন পাঁচ হাজার কোটি ডলার।ফেসবুকের এই বিনিয়োগের ১০০ কোটি ডলার এসেছে গোল্ডম্যান স্যাকস নামের একটি প্রতিষ্ঠান থেকে। আর এই শেয়ার বিক্রির দেখভাল করছে দ্য ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংক। বাদবাকি ৫০ কোটি ডলার বিনিয়োগ করেছে গোল্ডম্যান স্যাকস নিজে এবং রাশিয়ার ডিজিটাল স্কাই টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান। এ মাসের শুরুতে প্রতিষ্ঠান দুটি ফেসবুকে এই অর্থ বিনিয়োগ করেছিল। ফেসবুক জানিয়েছে, বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে।ফেসবুকের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা ডেভিড ইবারসম্যান বললেন, ‘আমাদের ব্যবসা খুব ভালোভাবে এগোচ্ছে এবং এই বিনিয়োগগুলো অর্জন করতে পেরে আমরা খুশি। যার ফলে এখন সামনে আমরা নতুন অনেক সম্ভাবনাই বাস্তবে রূপান্তর করতে পারব।’ফেসবুক আরও জানিয়েছে, এই মুহূর্তে তহবিল বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের। তবে যে হারে বিনিয়োগ হচ্ছে, তাতে করে সেই অর্থ দিয়ে তাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে। ফেসবুকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে মূলধনও বাড়ছে খুব দ্রুত গতিতে। আর তাই অনেকেই আশা করছেন, ই-বে এবং টাইম ওয়ারনারের মতো বড়সড় সম্পদশালী প্রতিষ্ঠানকেও অচিরেই পেছনে ফেলবে ফেসবুক। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান