দুনিয়ায় সবচেয়ে বেশি পঠিত ‘বই’ ফেসবুক। অথচ তারপরও বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুক তাদের বিজ্ঞাপন প্রচার করে। বাংলাদেশি কিছু পদ্ধতি ব্যবহার করে ফেসবুকের প্রচারণা চালালে কেমন হতো? ৪ ফেব্রুয়ারি ফেসবুকের প্রতিষ্ঠা দিবস, সে উপলক্ষে রস+আলোর এই উদ্যোগ।

ফার্মগেটের মলম বিক্রেতা-পদ্ধতি
আপনার বাতের ব্যথা, মনের ব্যথা, একাকিত্ব, চেক-ইন দেওয়া—সব সমস্যার একমাত্র সমাধান এই যে আমার হাতের কাছে দেখছেন এই বইটি। বইটির কোম্পানির মূল্য ১০ মেগাবাইট হলেও শুধু আজকের জন্য আমার কাছে পাচ্ছেন মাত্র ১০ টাকা, ১০ টাকা, ১০ টাকা। আছেন কোনো ভাই, একবার পরীক্ষা করে দেখবেন, আছেন...

পণ্যের প্রচারণা মাইক-পদ্ধতি
হই হই কাণ্ড, রই রই ব্যাপার...হই হই কাণ্ড, রই রই ব্যাপার! অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এরই মধ্যে দুনিয়া কাঁপিয়ে বাংলাদেশে এসেছে নতুন বুক, নাম তার ফেসবুক। বাবা পড়ে, মা পড়ে, ভাই পড়ে, বোন পড়ে, স্বামী পড়ে, স্ত্রী পড়ে, বন্ধু পড়ে, বান্ধবী পড়ে। এই সুযোগ হেলায় হারাতে না চাইলে এখনই আমাদের মাইকের সামনে চলে আসুন, আর সংগ্রহ করুন জনপ্রিয় বই ফেসবুক। হই হই কাণ্ড,...
পাবলিক বাসে হকার-পদ্ধতি
সুধী যাত্রী মহোদয়, আসসালামুআলাইকুম। আপনাদের আসা-যাওয়ার মাঝে আমার হাতে একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনে আছে একটি আধুনিক বই। যার নাম ‘মুখবই’ ইংরেজিতে ফেসবুক। এই বইটি পড়লে আপনি জানতে পারবেন, মানুষ কীভাবে বন্ধু হয়, কীভাবে একজন আরেকজনকে খোঁচা দেয়, কীভাবে ঘরের কথা পরকে জানানো হয়। এই বইটির লেখক মার্ক জাকারবার্গ আপনাদের কথা ভেবে অত্যন্ত পরিশ্রম করে বইটি বানিয়েছেন। বইটি কেউ সংগ্রহে রাখতে চাইলে...

এমএলএম কোম্পানির এজেন্ট-পদ্ধতি
ধরুন, আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, আপনি একসেপ্ট করলেন। তাহলে আমরা বন্ধু হলাম। আপনার বন্ধুসংখ্যা হলো একজন। এরপর আপনি আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সে-ও একসেপ্ট করল। আপনার বন্ধু হলো দুজন। আপনার সেই বন্ধু কিন্তু শুধু আপনার একার বন্ধু হলো না, সে আমারও বন্ধু হলো, মিউচুয়াল বন্ধু। এরপর আপনারা দুজন আরও চারজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সেই চারজন আরও আটজনকে, সেই আটজন ষোলোজনকে—এভাবে বন্ধু বাড়তেই থাকবে। ইন্টারেস্ট শুধু আপনি একা পাবেন না, আমরা সবাই মিলে পাব। বিষয়টা বুঝলেন তো, আরও ক্লিয়ার করে বলি...
এসে গেল ফেসবুক
নতুন নোট বইয়ের পোস্টার-পদ্ধতি
নিশ্চিত এ প্লাস, গোল্ডেন এ প্লাসের নিশ্চয়তা!
ঘরে বসেই গ্রুপ স্টাডির সুবিধা!!
এ ছাড়াও পরীক্ষার আগের রাতেই প্রশ্ন পেয়ে যাওয়ার অবারিত সুযোগ!!
সবগুলো প্যাকেজ একত্রে পেতে বিদেশে তৈরি এই নোট বইটির কোনো বিকল্প নেই
ফেসবুক টেস্ট পেপার পড়ুন, উন্নত জীবন গড়ুন।