ফেসবুকের নতুন অ্যাপ

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার পরিচয় লুকিয়ে ব্যবহারের নতুন অ্যাপ চালু করেছে। বিশেষ করে অনেকেই নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিজেদের প্রকৃত নাম ব্যবহার না করেই করতে চান আর তাঁদের জন্যই ‘রুমস’ নামের বিশেষ এ অ্যাপটি চালু করা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। এ অ্যাপের সাহায্যে নির্দিষ্ট বিষয় কিংবা আলাদা গ্রুপ আকারে চ্যাট করা যাবে। তবে এর সঙ্গে পুরোপুরি ফেসবুকের সংশ্লিষ্টতা নেই বলেও জানা গেছে।
মূলত একসঙ্গে একটি নির্দিষ্ট বিষয়ে অনেকেই যাতে করে চ্যাট করতে পারেন, সে জন্যই চালু করা হয়েছে ‘রুমস’। এর সাহায্যে যে কেউ নির্দিষ্ট বিষয়ে গ্রুপ তৈরি করে সেখানে অন্য বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন। আর পছন্দসই রং, আইকন এবং কাভার ছবিও নির্বাচন করা যায় অ্যাপটিতে। ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জোস মিলার বলেন, ‘অনেকেই বিভিন্ন বিষয়ে নিজেদের পরিচয় লুকিয়ে আলোচনা করাতে চান। আমরা শুধু সে সুযোগটি করে দিয়েছি।’
রুমস অ্যাপটি অধিগ্রহণের পর থেকেই এটিকে কীভাবে গ্রাহকদের ব্যবহার উপযোগী করা যায়, সেটি নিয়ে হয়েছে দীর্ঘ আলোচনা। অবশেষে শুধু আইফোনের জন্য বিশেষ এ অ্যাপটি চালু করা হয়। ব্যক্তিগত তথ্য শেয়ার না করেই যাতে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন, সে জন্যই এ অ্যাপটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ আলোচিত সামাজিক যোগাযোগের সাইট ‘ইলো’র বিজ্ঞাপন ছাড়াই বাজারে আসার পর জনপ্রিয়তা পেতে শুরু করে। এখনো শুধু আমন্ত্রিতরাই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন। গবেষকদের মতে, ইলোর বাজারে আসা, বিজ্ঞাপন না নেওয়া এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই ফেসবুকের এমন উদ্যোগ হতে পারে। বর্তমানে শুধু আইফোনে পাওয়া গেলে অ্যাপটি খুব শিগগিরই অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপেও পাওয়া যাবে বলে জানা গেছে।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম