ফেসবুকের নিরাপত্তা ত্রুটিতে জাকারবার্গের ছবি উন্মুক্ত
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির শিকার হয়েছেন এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই। ফলে তাঁর ব্যক্তিগত বেশ কিছু ছবি সবার জন্য উন্মুক্ত হয়ে পড়েছে। শরীর গঠনবিষয়ক একটি ওয়েবসাইট প্রথম এই ত্রুটি প্রকাশ করে। এরপর ফেসবুক কর্তৃপক্ষ গত মঙ্গলবার থেকে ওই ত্রুটি সারানোর উদ্যোগ নেয়। কয়েক সপ্তাহ আগেই ওই ত্রুটি চিহ্নিত করা হয়েছিল। তবে জাকারবার্গের ব্যক্তিগত ছবি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হলে বিষয়টি বেশি গুরুত্ব পায়। এরই মধ্যে জাকারবার্গের দুই ডজনেরও বেশি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে বান্ধবী প্রিসিলা চ্যানের সঙ্গে তাঁর ক্যালিফোর্নিয়ার বাড়িতে তোলা ছবি এবং হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তোলা ছবি। অন্য ছবিগুলোতে জাকারবার্গকে রান্নায় ব্যস্ত থাকতে এবং বন্ধু ও শিশুদের সঙ্গে মিশতে দেখা যায়।এ ঘটনার পর ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তাদের নিরাপত্তাব্যবস্থায় একটি ‘ত্রুটি’ ধরা পড়েছে। এতে কারও সম্প্রতি প্রকাশিত ছবি বন্ধু কিংবা অপরিচিত-নির্বিশেষে যে কেউ দেখতে পাচ্ছে। সাময়িক এই সমস্যা অবিলম্বে দূর করার চেষ্টা চলছে।বর্তমানে ফেসবুকের ব্যবহারকারির সংখ্যা ৮০ কোটির বেশি। এই ওয়েবসাইটে বারবার পরিবর্তন আনায় ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি, তথ্য, মন্তব্য প্রভৃতি ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে। এতে ব্যক্তিগত তথ্য বন্ধুতালিকার বাইরেও সবার কাছে প্রকাশ হয়ে পড়ছে। —পিটিআই অবলম্বনে আশিস আচার্য