
ফেসবুক নিয়ে একটি কথা বেশ প্রচলিত। ‘ফেসবুক হলো ফ্রিজের মতো! একটু পর পর খুলে দেখতে ইচ্ছা হয়, নতুন কিছু আছে কি না!’ সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট বলা হলেও এর গণ্ডিটা এখন শুধু অনলাইনে বা ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ নেই। স্ট্যাটাস, লাইক, পোক, শেয়ার, চেক-ইন—শব্দগুলো আজকাল স্বাভাবিক কথোপকথনেও জায়গা করে নিয়েছে। অনেকের ফেসবুক ছাড়া চলেই না, কেউ আবার ফেসবুককে ‘যত নষ্টের গোড়া’ মেনে নিয়েও ‘লগ-ইন’ করছেন প্রতিদিন। পক্ষে-বিপক্ষে চলছে যুক্তি, তর্ক। জেনে নেওয়া যাক, ফেসবুকের পক্ষে-বিপক্ষে এর ব্যবহারকারীদের কিছু মন্তব্য।
পক্ষে
এলভিন মজুমদার
শিক্ষার্থী। মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
ফেসবুক আমার কাছে যোগাযোগের খুব ভালো মাধ্যম। বন্ধুদের সঙ্গে গল্প করা যায়, মনের কথাগুলো শেয়ার করা যায়। নতুন-পুরোনো বন্ধুদের ছবি দেখি, স্ট্যাটাসগুলো পড়ি। ফেসবুক গেমগুলো খেলি। বেশ ভালো বিনোদন পাওয়া যায়।
সুমাইয়া আহমেদ
উপব্যবস্থাপক, জানালা বাংলাদেশ লিমিটেড
সব সময় বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা যায়। স্কুলের অনেক বন্ধু আছে, যাদের সঙ্গে যোগাযোগ ছিল না। ফেসবুকের মাধ্যমে আবার তাদের খুঁজে পেয়েছি। আজকাল ফেসবুকের মাধ্যমে আশপাশে কী হচ্ছে, তা-ও জানা যায়। যেকোনো খবর এখন ফেসবুকেই সবার আগে পৌঁছে যায়।
মো. আশিকুর রহমান
অপারেশন ইঞ্জিনিয়ার, বাংলাফোন লিমিটেড
অবসরে চ্যাট করে ভালো সময় কাটে। ‘স্ট্যাটাস’ দিয়ে বন্ধুদের মনের কথাটা জানানো যায়। এখন তো ফেসবুক একসঙ্গে মিলিত হয়ে নতুন কিছু চিন্তা করার একটা ভালো ক্ষেত্রও। অনেকে বিভিন্ন সামাজিক কাজ করে, ব্যবসায়িক প্রচারের কাজেও ফেসবুকের ব্যবহার খুব সহজ।
বিপক্ষে
জুবায়ের আলম
শিক্ষক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
ফেসবুকে আজকাল অনেক আপত্তিকর পেজ দেখা যায়। অনেকে আবার অপ্রয়োজনীয় সব ছবিতে ট্যাগ করতে থাকে, এটাও বিরক্তিকর। মন্তব্যে অনেকে আজেবাজে কথা লেখে। ফেসবুকের পেছনে প্রচুর সময়ও নষ্ট হয়।
ফাতেমা ফাহমিদা হক
শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন বিভাগ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
প্রথমেই আমার কাছে যেটা মনে হয়, ফেসবুকে গোপনীয়তা থেকেও নেই। অনেকে ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে ছবির অপব্যবহার করে, অনেকে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেলে। আবার আমরা ঘণ্টায় ঘণ্টায় ‘চেক-ইন’ দিয়ে জানান দিই, কোথায় আছি। অনেকে কী মনে করে জানি না, আমার কাছে এই ব্যাপারটাও বিপজ্জনক মনে হয়। কেননা অনেক সময়ই বন্ধু তালিকায় যারা থাকে, তাদের সবার সঙ্গে ভালো পরিচয় থাকে না।
নুসরাত কাশফিয়া
সহকারী ব্র্যান্ড ব্যবস্থাপক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
ফেসবুকে অনেকে আজকাল আপত্তিকর কিছু ভিডিও শেয়ার করে, যা কখনো কখনো বিব্রত করে। ‘স্ট্যাটাস’ লেখা আমার কাছে অনেক সময় বাকস্বাধীনতার অপব্যবহারও মনে হয়। চাইলেই আমি যা খুশি তা-ই লিখতে পারি না। এ ছাড়া ফেসবুকের ব্যবহারের সঙ্গে সঙ্গে ‘লোক দেখানো’ প্রবণতাও বেড়ে গেছে বলে আমার মনে হয়।
গ্রন্থনা: মো. সাইফুল্লাহ