ফেসবুকের পর এবার জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপেন কম্পিউট প্রজেক্টে কথা বলছেন মার্ক জাকারবার্গ
ওপেন কম্পিউট প্রজেক্টে কথা বলছেন মার্ক জাকারবার্গ

ফেসবুক তৈরি করেই বসে নেই মার্ক জাকারবার্গ। এখন তিনি প্রযুক্তি শিল্পে ব্যাপক এক পরিবর্তন আনার বিষয়ে ভাবছেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জাকারবার্গের এ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়।
৪ ফেব্রুয়ারি ফেসবুকের বয়স ১০ বছর পূর্ণ হবে। ২৮ থেকে ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘ওপেন কম্পিউট প্রোজেক্ট’ নামের এক সম্মেলনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তাঁর ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে বলেন। প্রযুক্তি শিল্পে কীভাব বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব, বিষয়টি তুলে ধরেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
আজ থেকে তিন বছর আগে ফেসবুকের উদ্যোগে শুরু হয়েছিল ‘ওপেন কম্পিউট প্রোজেক্ট’। ওপেন সোর্স সফটওয়্যারের মাধ্যমে বড় কম্পিউটিং সেন্টারগুলোর দক্ষতা বাড়াতে এবং খরচ কমানোর কাজে সাহায্য হিসেবে এই প্রকল্প শুরু করেছিল ফেসবুক। প্রোগ্রামারদের  ধারণা ও কোডিং বিষয়ক বিভিন্ন কার্যক্রম সারা বিশ্বে শেয়ার করার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করেছিল ফেসবুক।
সম্মেলনে উপস্থিত প্রকৌশলীদের সামনে জাকারবার্গ তাঁর পরিকল্পনা সম্পর্কে জানান, যেখানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে সামাজিক যোগাযোগের সাইট তৈরি করেছিলেন, গত এক দশকে সেখানে নিয়ে গেছেন ফেসবুককে।  তাঁর বাকি লক্ষ্যও অর্জন হওয়ার পথে। তবে এখনই থেমে যেতে চান না তিনি।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ফেসবুকের পর এখন হাই-টেক ব্যবসাগুলোতে বিশাল পরিবর্তন আনার স্বপ্ন দেখছেন। এখনকার যুগে শুধু ডেটা সেন্টারের ওপর নির্ভরশীল ব্যবসাগুলোকে পরিবর্তন আনতে কাজ করবেন তিনি। আর এ লক্ষ্যে অনেকদূর এগিয়ে গেছেন ফেসবুকের এই সহ-প্রতিষ্ঠাতা। 

জাকারবার্গ মনে করেন, প্রযুক্তি শিল্পে পরিবর্তন আনতে তিনি কোনো প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যকে দূর করতে পেরেছেন। এ কাজে সাহায্য করেছে ওপেন সোর্স। আমাজন, গুগল ও ইয়াহুর মতো প্রতিষ্ঠানগুলো যে প্রযুক্তি সুবিধা নিয়ে প্রযুক্তির ক্ষেত্রে ব্যবসা করে যাচ্ছিল, সে বাধা দূর করে অন্যদেরও সুযোগ করে দিয়েছেন তিনি। ওপেন কম্পিউটের মাধ্যমে ক্রাউডসোর্সিং পদ্ধতিতে কম্পিউটিংয়ের সমস্যা সমাধান করেছেন জাকারবার্গ।

জাকারবার্গ বলেন, ‘যখন কেউ প্রথম কোনো জিনিস তৈরি করে, তার পক্ষে সেটা গোপন করার সুবিধা নেওয়া সহজ হয়। তবে আমাদের কাছে ওপেন সোর্স বা মুক্ত থাকা পদ্ধতিটি সুবিধাজনক মনে হয়েছে এবং আমরা এক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছি।’

ফেসবুক অবকাঠামো বিভাগের ভাইস প্রেসিডেন্ট জে পারেখ জানান, ওপেন সোর্স ব্যবহার করে গত তিন বছরে শুধু শক্তি ও ব্যবস্থাপনা খাতে ফেসবুক ১২০ কোটি মার্কিন ডলার বাঁচাতে পেরেছে। এটা শুধু অর্থ বাঁচানো নয়, বরং বড় অঙ্কের অর্থের অপচয় রোধ করা। ফেসবুকের সোশ্যাল গ্রাফের জন্য ব্যবহূত সার্ভার সিস্টেমে প্রচলিত পদ্ধতির চেয়ে ওপেন সোর্স পদ্ধতি ব্যবহার করায় ৩৮ শতাংশ খরচ কমেছে বলে জানান তিনি।

জাকারবার্গ বলেন, ফেসবুক পরিবেশ-বান্ধব জ্বালানি ব্যবহারের যে প্রকল্প হাতে নিয়েছে, তাতে পরিবেশের সুরক্ষার পাশাপাশি শক্তির অপচয় রোধ হচ্ছে। বায়ুশক্তি ও জলবিদ্যুত্ ব্যবহার করে গত বছর ফেসবুক বড় অঙ্কের অর্থ সাশ্রয় করেছে। এ ক্ষেত্রটিতে জাকারবার্গ আরও বেশি গুরুত্ব দিতে চান।

ফেসবুক ও ওপেন কম্পিউটিং প্রকল্পের পাশাপাশি জাকারবার্গ কাজ করছেন ইন্টারনেট অরগানাইজেশন নামের আরেকটি প্রকল্প নিয়ে। বিশ্বজুড়ে ইন্টারনেট সাশ্রয়ী করতে জাকারাবার্গের এই উদ্যোগের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং, মার্কিন সেমিকন্ডাক্টার নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম, এরিকসন, মিডিয়াটেক, নকিয়া ও অপেরা। এ প্রকল্পের অধীনে প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তি ও ইন্টারনেট সুবিধার স্মার্টফোন তৈরি করবে।

পারেখ জানান, ইন্টারনেট অরগানাইজেশন বর্তমানে ওয়্যারলেস সিস্টেম নতুনভাবে তৈরির পদ্ধতি নিয়ে গবেষণা করছে। যেভাবে সার্ভার ও নেটওয়ার্ক নিয়ে গবেষণা করছে, তেমনি ফোন কোম্পানিগুলোর সঙ্গে মিলে নতুন ওয়্যারলেস সিস্টেম নিয়ে কাজ করছে ফেসবুক।

জাকারবার্গ জানান, বর্তমানে ফেসবুকের আকার আর মানুষের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে দায়িত্ব অনেক বেড়ে গেছে বলেই মনে করেন তিনি। তাঁর মতে, ১০ বছর আগে যখন হার্ভার্ডের ছোট ডরমেটরিতে ফেসবুক যাত্রা শুরু করেছিল, তখনো এত বড় স্বপ্ন দেখেননি তিনি। তিনি ভেবেছিলেন, ‘আমার যেটুকু তৈরি করার দরকার করে দিয়েছি, বাকিটা নতুন কেউ এসে এগিয়ে নেবে। কিন্তু সেই ভাবনায় আটকে থাকেননি তিনি। যা তিনি কল্পনাও করেননি ফেসবুক আজ সেখানে দাঁড়িয়ে আছে।