ফেসবুকের প্রথম নারী প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুচি সাংভি
রুচি সাংভি

ভারতের পুনেতে জন্মেছেন। স্বপ্নটা ছিল বড় আর সেটাই পূরণে পড়াশোনা করেন সফটওয়্যার প্রকৌশল বিষয়ে। হয়ে যান সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রথম নারী প্রকৌশলী। তিনি রুচি সাংভি।

২০০৫ সালে ফেসবুকে যোগ দেন রুচি।পরের বছর ফেসবুকের ‘নিউজ ফিড’ তৈরির দলের সদস্য হন তিনি। সে সময় ফেসবুকের পণ্য-বিষয়ক দলের প্রধান হিসেবেও দায়িত্বও পালন করেন রুচি।

২০১১ সালে অনলাইন স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে আদিত্য আগারওয়ালের সঙ্গে মিলেকাভার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। পরের বছর ফাইল জমা রাখার জনপ্রিয় সেবা ড্রপবক্স কাভারকে অধিগ্রহণ করে নেয় এবং রুচি ড্রপবক্সের ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) হিসেবে যোগ দেন। ১৯৮২ সালে জন্ম নেওয়া রুচি ফেসবুকের আগে ওরাকলেও প্রকৌশলী হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

নিজের চাকরির পাশাপাশি সিলিকন ভ্যালির বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারী এবং উপদেষ্টা হিসেবেও আছেন রুচি। তাঁর বিনিয়োগ করা উল্লেখযোগ্য দুটি প্রতিষ্ঠান হচ্ছে প্রাইভেসি সুবিধাযুক্ত ছবি ভাগাভাগির সেবা পাথ এবং ওয়ার্কপ্লেস-বিষয়ক অ্যাপ্লিকেশন আসানা। ফেসবুকে নিজের সেরা কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সেরা প্রকৌশলী লিডারশিপ পুরস্কার। তরুণ রুচি আরও অনেক কিছু করতে এবং নিজের সেরা পেশা গড়তে চান প্রকৌশল পেশাতেই।

গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: টেকক্র্যাঞ্চ, ড্রপবক্স, ক্র্যাঞ্চবেস, উইকিপিডিয়া