ফেসবুকের প্রথম প্রেসিডেন্টের বিয়ের বিপত্তি
যুক্তরাষ্ট্রের সংরক্ষিত সৈকত এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিয়ের জন্য সেট তৈরি করার ২৫ লাখ মার্কিন ডলার জরিমানা গুনতে হল ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট, কোটিপতি প্রযুক্তি উদ্যোক্তা শন পার্কারকে।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ১ জুন বাগদত্তা আলেকজান্দ্রা লিনাসকে বিয়ে করেছেন ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট ও ন্যাপস্টারের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কোটিপতি প্রযুক্তি-উদ্যোক্তা শন পার্কার। শন ও লিনাস দম্পতির এক প্রতিনিধির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।৩৩ বছর বয়সী পার্কারের বিয়েতে ৩০০ জনেরও বেশি আমন্ত্রিত উপস্থিত ছিলেন। কোটিপতি এ দম্পতি বিয়েতে খরচ করেন এক কোটি মার্কিন ডলারেরও বেশি । তবে বিয়ের জন্য অনুমতি ছাড়াই সেট তৈরি করার তাকে জরিমানা গুনতে হয়েছে যা বিয়ের খরচ আরও বাড়িয়ে দিয়েছে। বিয়ের অনুষ্ঠান হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সৈকত সংলগ্ন এক নামকরা হোটেলে। বিয়েতে উপস্থিত ছিল শন ও লিনাস দম্পতির শিশুকন্যা ‘উইন্টার’। বিয়েতে এ দম্পতি পরেছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার এনজিলা ডিকসনের নকশা করা পোশাক। সিলিকন ভ্যালির সবচেয়ে খরচে বিয়ের জন্য চলচ্চিত্রের শুটিংয়ে ব্যবহূত সেটের মতো বিশাল এক সেট তৈরি করা হয়। সংরক্ষিত এলাকায় অনুমতিবিহীন সেট তৈরির বিষয়টি আগেভাগে জানতে পারলেও কর্তৃপক্ষ বিয়ের অনুষ্ঠানে বাধা দেয়নি। তবে বিয়ের পর ২৫ লাখ মার্কিন ডলারের বিশাল এক জরিমানা করেছে শন পার্কারকে। জরিমানা থেকে আদায় করা অর্থ পরিবেশ সংরক্ষণে কাজে লাগানো হবে। শন পার্কার অবশ্য পরিবেশ সংরক্ষণের জন্য জরিমানা দিতে সম্মত হয়েছেন।ফোর্বস ডটকমের তথ্য অনুযায়ী, বর্তমানে ২০০ কোটি মার্কিন ডলার আর্থিক মূল্যের সম্পদের মালিক শন পার্কার। ২০০৪ সালে ফেসবুকে বিনিয়োগ করেন তিনি এবং ফেসবুক গড়ে তুলতে জাকারবার্গকে সহায়তা করেন। সেসময় তিনি ফেসবুকের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অবশ্য ২০০৫ সালেই তিনি ফেসবুক ছেড়ে দেন। পার্কার বর্তমানে উদ্যোক্তা প্রতিষ্ঠান ফাউন্ডার্স ফান্ডের পরিচালনা সহযোগী হিসেবে কাজ করছেন।২০১০ সালে ফেসবুক তৈরির কাহিনি নিয়ে তৈরি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ চলচ্চিত্রটিতে শন পার্কারের চরিত্রে অভিনয় করেছিলেন জাস্টিন টিম্বারলেক। তবে এ চলচ্চিত্রটিতে শন পার্কারকে যে ভূমিকায় দেখানো হয়েছে তা পুরোপুরি কাল্পনিক বলেই জানিয়ে আসছেন শন। ফেসবুক ছাড়াও ১৯৯৯ সালে মিউজিক শেয়ারিং ওয়েবসাইট ন্যাপস্টারের যৌথ প্রতিষ্ঠাতা ছিলেন শন। এসময় তাঁর বয়স ছিল ১৯ বছর। ২০০১ সালে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে ন্যাপস্টার বন্ধ হয়ে যায়। বর্তমানে স্পোর্টিফাই নামে মিউজিক শেয়ারিং ওয়েবসাইটের সঙ্গেও জড়িত আছেন শন।