ফেসবুকের বিকল্প ব্যবহার

ফেসবুকে বসে থেকে সারা দিন তো স্ট্যাটাস, কমেন্ট আর লাইক দিয়ে যাওয়া হয়। সময় কাটানো আর সোশ্যাল নেটওয়ার্কিং ছাড়া তেমন কিছু আর করা হয়ে ওঠে না। কিন্তু একটু চিন্তা করলেই নানা কাজে ব্যবহার করা যাবে ফেসবুককে। ফেসবুকের তেমনই কিছু বিকল্প ব্যবহার তুলে ধরা হলো এবার।
লেখা: আশিকুর রহমান আঁকা: জুনায়েদ
পাওনা আদায়
ঋণগ্রহীতার কাছ থেকে টাকা আদায়ের জন্য আমরা কত কিছু না করি। কিন্তু এত ঝামেলায় না গিয়ে পাওনা আদায়ের কাজটা সহজে করা যেতে পারে ফেসবুকে। ঋণগ্রহীতাকে ফেসবুকে ট্যাগ করে, ‘ভাই, আপনার কাছে কিছু টাকা পেতাম!’ স্ট্যাটাস দিলেই সবাই দেখতে পারবে ব্যাপারটা। সঙ্গে সঙ্গে অনেকে নিশ্চয়ই কমেন্ট করবেন ঋণগ্রহীতাকে উদ্দেশ করে। বেচারা ঋণগ্রহীতা নিজের সম্মান বাঁচানোর জন্য আপনার টাকা ফিরিয়ে দিতে বাধ্য হবে তখন।
সংলাপে বসা
বর্তমানে রাজনীতির মাঠে এক গুরুত্বপূর্ণ বিষয়—সংলাপ। নির্বাচন নিয়ে প্রধান দুই দল সংলাপে বসুক, এটা সবার কাম্য। কিন্তু কোথায় বসবে, কে প্রথমে ডাকবে, এ নিয়ে যত ঝামেলা। এ সমস্যার সমাধান হতে পারে ফেসবুকের মাধ্যমে। দুই দলের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। তাঁরা সবাই মিলে ‘নির্বাচন শীর্ষক সংলাপ’ নামে ফেসবুকে একটা গ্রুপ খুললেই পারেন। তারপর একে অপরকে অ্যাড দিলেন গ্রুপে। সেখানে চলবে তাঁদের আলোচনা। প্রয়োজন বুঝে গ্রুপের সিকিউরিটি রাখা যেতে পারে ক্লোজড কিংবা সিক্রেট। এতে করে নানা ঝামেলা থেকে বেঁচে যাবেন সহজেই।

রাজনৈতিক জনসভা
নির্বাচন উপলক্ষে দেশে রাজনৈতিক জনসভা বেড়ে যাবে। রাজনৈতিক দলগুলো শহরে জনসভা না করে ফেসবুকে খুলে ফেলতে পারে ইভেন্ট। জনসভার ইভেন্টে দলে দলে গোয়িং বাটনে ক্লিক করবেন দলীয় সমর্থক আর কর্মীরা। নির্দিষ্ট দিনে ইভেন্ট পেজে বিভিন্ন নেতা ভাষণ দেবেন পোস্ট আকারে। কেউ বা আপলোড করতে পারেন ভাষণের ভিডিও। এতে করে একদিকে যেমন ইভেন্ট পেজের গোয়িংয়ে ক্লিক করা ব্যক্তির সংখ্যা দেখে জনসভায় কতজন এসেছিলেন তা বোঝা যাবে, অন্যদিকে নেতারা ভাষণ পোস্ট করতে পারবেন ভেবেচিন্তে। জনগণও এ পদ্ধতির জন্য রাজনৈতিক দলগুলোকে জানাবে অভিবাদন।
পরীক্ষা গ্রহণ
শিক্ষার্থীদের অধিকাংশ সময় কাটে ফেসবুকে। ফেসবুক ছেড়ে পরীক্ষা হলে যাওয়া তাদের কাছে বিরক্তিকর। তাদের সুবিধার্থে স্যাররা ইচ্ছা করলে পরীক্ষা নিতে পারেন ফেসবুকে। অনলাইনে থেকে স্যাররা শিক্ষার্থীদের নির্দেশ দিতে পারেন ‘অমুক প্রশ্নের উত্তর স্ট্যাটাসে দাও’, কিংবা ‘এই প্রশ্নের ছবি এঁকে আমার ওয়ালে পোস্ট করো।’ আরও ভালোভাবে পরীক্ষা নেওয়ার জন্য মেসেজ কিংবা চ্যাট অপশন তো আছেই। নিশ্চয়ই শিক্ষার্থীরা পরীক্ষা হলের চেয়ে ফেসবুকে পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করবে অনেক বেশি।
সংবাদ সম্মেলন
আজকাল সংবাদ সম্মেলন বাংলাদেশে এক সাধারণ বিষয়। কারণে-অকারণে, ছোট থেকে বড়—সবাই সংবাদ সম্মেলন করে। এ সংবাদ সম্মেলন করতে হলে কত কিছুই না করতে হয়। সাংবাদিকদের ডাকা, স্থান নির্বাচন করাসহ আরও কত কিছু। এর চেয়ে ফেসবুকে সংবাদ সম্মেলন নামে একটা পেজ থাকলেই কাজ শেষ। নির্দিষ্ট সময়ে পেজে গিয়ে নিজেদের বক্তব্যগুলো পোস্ট আকারে দিতে পারেন। সাংবাদিকেরা প্রশ্ন করার সুযোগ পাবেন কমেন্টের মাধ্যমে। বক্তা কমেন্টের রিপ্লাই অপশন ব্যবহার করে উত্তর দেবেন প্রতিটি প্রশ্নের। প্রশ্নের কমেন্টে লাইক দেখে বোঝা যাবে কার প্রশ্ন কতটা যুক্তিসংগত।