ফেসবুকের বিরুদ্ধে ইয়াহুর মামলার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-মেইল সার্ভিস ইয়াহু ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মধ্যে পেটেন্ট নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। ইয়াহু তাদের প্রযুক্তি ব্যবহার করায় ফেসবুকের কাছে লাইসেন্স ফি চেয়েছিল। ২৭ ফেব্রুয়ারি এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি আলোচনাও হয়েছে। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় এবারে ফেসবুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতির নিচ্ছে ইয়াহু। প্রতিষ্ঠান দুটির বরাতে এক খবরে রয়টার্স এ তথ্য দিয়েছে।ইয়াহু জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ইয়াহুর পেটেন্ট করা যে প্রযুক্তিগুলো ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে বিজ্ঞাপন পদ্ধতি, প্রাইভেসি কন্ট্রোল, নিউজ ফিড ও মেসেজ সার্ভিস।পেটেন্টের লাইসেন্স ফি নির্ধারণ নিয়ে ইয়াহু ও ফেসবুকের দুজন মুখপাত্র সোমবার আলোচনায় বসেছিলেন। সেখানে তারা ১০ থেকে ২০টি পেটেন্ট নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এ আলোচনায় তেমন কোনো উল্লেখযোগ্য ফল আসেনি।যদিও পেটেন্টের জন্য ইয়াহুর পক্ষ থেকে কি পরিমাণ অর্থ চাওয়া হয়েছিল তা প্রকাশ করেনি কোনো পক্ষই। তবে, ইয়াহুর দাবি মানা না হলে মামলা করা হবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে ইয়াহুর এক মুখপাত্র জানিয়েছেন, ইয়াহুর পেটেন্ট করা প্রযুক্তির লাইসেন্স নিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। কিন্তু ফেসবুক লাইসেন্স না করেই ইয়াহুর প্রযুক্তি ব্যবহার করছে। ফেসবুক এ-সংক্রান্ত লাইসেন্স না করলে আদালতে যাবে ইয়াহু।এদিকে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ইয়াহুর পক্ষ থেকে আমাদের কাছে যোগাযোগ করা হয়েছিল। আমাদের পাশাপাশি তারা সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সঙ্গেও যোগাযোগ করেছিল। তাই তাদের দাবির বিষয়টি পুরোপুরি বিবেচনা করার সুযোগ আমরা পাইনি।