ফেসবুকের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটেন্ট ভঙ্গের অভিযোগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকসহ ওয়াল মার্ট স্টোর, ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা হয়েছে। ইন্টারঅ্যাকটিভ টেকনোলজি, হাইপারমিডিয়া ডিসপ্লে ও ইন্টারঅ্যাকশন প্রযুক্তি লঙ্ঘনের অভিযোগে এ মামলা করেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ইয়োলাস টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। ১২ সেপ্টেম্বর ফেসবুক, ওয়াল মার্ট স্টোর ও ওয়াল্ট ডিজনির বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পেটেন্ট প্রযুক্তি নিয়ে ব্যবসা করে ইয়োলাস টেকনোলজিস নামের প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে পেটেন্ট হচ্ছে জনগণের সম্পত্তি। কোনো তৃতীয় পক্ষ নিজের লাভের জন্য এ পেটেন্ট ব্যবহার করলে অবশ্যই যথাযথ মূল্য পরিশোধ করতে হবে।এদিকে মামলা বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের অভিযোগের ভিত্তি নেই। ফেসবুকের পক্ষ থেকে মামলায় লড়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। ওয়াল মার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটি অন্য প্রতিষ্ঠানের মেধাস্বত্বকে সম্মান দিতে জানে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখবে। অবশ্য ওয়াল্ট ডিজনির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, সম্প্রতি যে পেটেন্টগুলো ভঙ্গের অভিযোগ ৩ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করেছে ইয়োলাস, তার মধ্যে দুটি পেটেন্ট নিয়ে আগের এক মামলায় আমাজন, গুগল ও ইয়াহুর বিরুদ্ধে হেরেছিল প্রতিষ্ঠানটি। তবে ২০০৭ সালে মাইক্রোসফটের সঙ্গে পেটেন্ট বিষয়ে অর্থের বিনিময়ে সমঝোতায় পৌঁছেছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এ প্রতিষ্ঠানটি।