ফেসবুকের বিরুদ্ধে মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু থেকেই ঝামেলা! ঝামেলার নাম উইঙ্কলেভস ভ্রাতৃদ্বয়। ভুক্তভোগী ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ক্যামেরন ও টেইলর উইঙ্কলেভস সেই ২০০৮ সাল থেকেই ফেসবুকের বুদ্ধিবৃত্তিক স্বত্ব দাবি করে আসছেন। শুধু চাওয়াতেই ক্ষান্ত নন তাঁরা, মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। গতকাল সর্বশেষ রায়ে আদালত তাঁদের সেই মামলাটি বাতিল করে দিয়েছেন।গত এপ্রিলে মামলাটির একটি রুল জারি করা হয়েছিল। সেখানে ২০০৮ সালে ৬৫ মিলিয়ন ডলারের সমঝোতা চুক্তির বিষয়টি বহাল রেখেছিলেন আদালত। কদিন আগে সানফ্রান্সিসকোতে বসা নবম ইউএস সার্কিট কোর্টে উইঙ্কলেভস ভ্রাতৃদ্বয়কে সেই রুল জারির বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছিল। কিন্তু ক্যামেরন ও টেইলরের দাবি, ফেসবুক তথ্য গোপন করেছে এবং প্রতিষ্ঠানটির উচিত তাঁদের আরও বেশি শেয়ার দেওয়া। জাকারবার্গ অবশ্য বরাবরের মতোই তাঁদের ওই দাবি মেনে নেননি।গত এপ্রিলে তিনজন বিচারকের একটি প্যানেল প্রথম সমঝোতা চুক্তিটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। চেয়েছিলেন মামলাটি যেন আর বেশি ঘোলাটে না হয়। সর্বশেষ পদক্ষেপে তাঁরা উইঙ্কলেভস ভ্রাতৃদ্বয়ের অভিযোগটি ১১ সদস্যের বিচারক প্যানেলের মাধ্যমে পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছিলেন। তবে নতুন কোনো প্রজ্ঞাপন জারির জন্য যথোপযুক্ত কারণ তাঁরা খুঁজে পাননি। এদিকে উইঙ্কলেভস ভ্রাতৃদ্বয়ের আইনজীবী জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যাবেন তাঁরা। উল্লেখ্য, ২০০৮ সালের ওই সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল, উইঙ্কলেভস ভ্রাতৃদ্বয় ২০ মিলিয়ন ডলার নগদ অর্থ এবং ৩৬ ডলার হারে ৪৫ মিলিয়ন ডলার শেয়ারের মাধ্যমে ফেসবুকের কাছ থেকে পাবেন। কিন্তু এ পর্যন্ত সেটা হয়নি। অভিযোগকারীরা বলছেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। কেননা, ওই ৪৫ মিলিয়ন ডলার শেয়ারের বাজারমূল্য এখন নয় ডলার করে মাত্র। —বিবিসি অবলম্বনে মাহফুজ রহমান।